কৃষ্ণনগর উত্তরে মুকুল রায়কে শিক্ষা দিতে গেমপ্ল্যান শুরু করে দিয়েছেন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২১ জুন:
মুকুল রায়কে উচিত শিক্ষা দিতে গেমপ্ল্যান তৈরি শুরু করে দিয়েছে রাজ্য বিজেপি। কৃষ্ণনগর উত্তর আসনটি ধরে রাখতে কাজ শুরু করে দিয়েছেন বঙ্গ বিজেপি নেতারা। এলাকায় কখনও দিলীপ ঘোষ আবার কখনও শুভেন্দু অধিকারী গিয়ে উপনির্বাচনে লড়াইয়ের জন্য জমি প্রস্তুত করছেন।

কৃষ্ণনগর উত্তর থেকে এই প্রথম মুকুল রায় নির্বাচনে জিতে জনপ্রতিনিধি হয়েছেন। বিজেপির প্রতীকে নির্বাচনে জিতে অবশ্য মুকুল রায় তৃণমূলে গিয়েছেন। দলত্যাগ করার পরই শুভেন্দু অধিকারী বিধায়ক পদ খারিজের জন্য স্পিকারকে চিঠি দিয়েছেন। অন্যদিকে তৃণমূলের অন্দরে শোনাযাচ্ছে মুকুল রায় নিজেই পদত্যাগ করতে পারেন। দলীয় সূত্রে খবর, মুকুল রায়ের পরিবর্তে তাঁর ছেলে শুভ্রাংশু রায় এই কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন। আর মুকুল রায়ের পুত্রকে হারিয়ে তাঁর রাজনৈতিক জীবনে ধাক্কা দেওয়ার কাজটা শুরু করে দিয়েছে বিজেপি। গত সপ্তাহে দিলীপ ঘোষ থেকে শুভেন্দু অধিকারী সবাই কৃষ্ণনগর উত্তর এসেছিলেন। তাদের সঙ্গী ছিলেন রাজ্য বিজেপির সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। দলীয় সূত্রের খবর তাঁকে এই কেন্দ্র থেকে প্রার্থী করতে পারে বিজেপি। অংক কষে দুই হেভিওয়েট নেতার সঙ্গে জয়প্রকাশ মজুমদারকে পাঠিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। উপ নির্বাচনে লড়াইয়ের জন্য এই কেন্দ্রের বিজেপি নেতাদের প্রস্তুত থাকার জন্য বলেছেন। প্রেস্টিজ ফাইটে নামার জন্য এখনই দলীয় নেতাদের নির্দেশ দিয়েছেন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *