জমি জটে বাংলায় আটকে বিভিন্ন রেল প্রকল্প সীমান্তে কাঁটাতারের বেড়া, বরানগরে বললেন দিলীপ ঘোষ

আমাদের ভারত, ব্যারাকপুর, ৫ সেপ্টেম্বর: রাজ্য শিল্প এবং রেল প্রকল্প না হওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এর তীব্র সমালোচনা করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, জমি না পাওয়ায় রাজ্যের বিভিন্ন রেল প্রকল্প আটকে রয়েছে, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া যাচ্ছে না এবং শিল্প হচ্ছে না। কাজ দিতে না পারায় পরিযায়ী শ্রমিকরা আবার বাইরে যাচ্ছেন। তাঁর অভিযোগ ছাত্রছাত্রীরা যাতে জয়েন্ট পরীক্ষা দিতে না পারে সেই জন্যই তিনি ওই দিন লকডাউন ডেকেছেন। আজ
উত্তর ২৪ পরগনার বরানগরের আলম বাজারে চা চক্রে যোগ দিতে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সমালোচনায় মুখর হন দিলীপ ঘোষ।

সকালের চা চক্রে দিলীপ ঘোষ বলেন “রাজ্যে রেলের উন্নয়ন মূলক প্রকল্প থেকে সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়ার কাজ থমকে আছে জমি জটে। রাজ্য সরকার কোনও ভাবে জমি দিতে চায় না, উন্নয়ন হবে কি করে? জমি দিতে চায় না বলেই রাজ্যে নতুন কোনও শিল্প কারখানা আসছে না। সবই আটকে জমি জটে। রাজ্যে পরিযায়ী শ্রমিকরা কাজে পাচ্ছেন না, তারা ফের ভিন রাজ্যে ফিরে যেতে চাইছেন। রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের কাজ দিতে পারেনি। তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু পাথর পুঁতে রেখেছিলেন, আর কিছু করেননি। রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতা দেখিয়ে রাজ্যের পুরসভাগুলির নির্বাচন না করে মানুষের গণতান্ত্রিক অধিকার আটকে রেখেছেন। মুখ্যমন্ত্রী ইচ্ছে করে আগস্ট মাসের শেষ দিন লক ডাউন ডেকে জয়েন্টের পরীক্ষা আটকে দিয়েছেন। বাংলার ছাত্রছাত্রীদের ভবিষ্যত অন্ধকার করে দেওয়া হয়েছে।”এই ভাষাতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

এদিন দিলীপ ঘোষ আরো বলেন, “বাংলায় ১২ মাসে ১৩ পার্বন। তবে এত উৎসবের মধ্যে ভোট উৎসব এখনো হয়নি। যদিও ভোটের দামামা বেজে গেছে। করোনা আবহে যারা সামনের সারিতে দাঁড়িয়ে কাজ করছে, তাদের অনেকের ক্ষতি হয়ে গেছে, অনেকে মারা গেছে। প্রধানমন্ত্রী মোদীজি তাঁদের সম্মানে দেশবাসীকে বলে ছিলেন ঘণ্টা বাজান, তালি বাজান। করোনা যোদ্ধাদের সম্মানে প্রধানমন্ত্রী বিমান থেকে পুষ্প বৃষ্টি করে ছিলেন। সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ হয় নি। তিনি এখানে করতে দেননি। জানি না উনার ফুলে কি অ্যালার্জি আছে? কিছু দিতে না পারুক, করোনা যোদ্ধাদের সম্মানটুকু তো দিক।”

অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজি প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, “অর্জুন সিংয়ের বাড়িতে বোমা মারতে মারতে বোমা শেষ হয়ে যাবে, তবু অর্জুন সিংয়ের কিছু হবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *