জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২০ আগস্ট: ফের তালিবানি প্রসঙ্গ টেনে রাজ্যকে খোঁচা দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে দলের শহিদ সম্মান যাত্রায় যোগ দেওয়ার আগে শুক্রবার সকালে খড়গপুরের রাম মন্দির এলাকায় একটি চা চক্র ও সম্বর্ধনা সভায় বক্তব্য রাখার সময় তিনি বলেন, “আফগানিস্থান ও কাবুলের তালিবানি রাজ যেমন সব দেশ পরিত্যাগ করেছে তেমনি এই বাংলাও গোটা দেশে ধিক্কৃত হচ্ছে। পাশাপাশি আদালত দেখিয়ে দিয়েছে যে এখানেও অন্যায় হয়েছে, কিন্তু দিদিমণি বলছিলেন কোনও রকম অত্যাচার অন্যায় হয়নি।”

এদিন শহিদ স্মরণ যাত্রায় দিলীপ ঘোষ সহ যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার ও অন্যান্য বিজেপি নেতৃত্ব।খড়্গপুরের খেমাশুলি থেকে শহিদ স্মরণ যাত্রা শুরু হয়। খড়্গপুর, মেদিনীপুর, ডেবরা হয়ে শহিদ স্মরণ যাত্রা হুগলি জেলার আরামবাগ শহরে পৌঁছাবে। যাত্রা শুরুর আগে আদালতের রায়কে স্বাগত জানিয়ে দিলিপ ঘোষ রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, এখানে বিরোধী দলের “এমএলএ, সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী এবং বিধানসভার বিরোধী দলনেতাকে গ্রেপ্তার করা হয়। এই তালিবানি শাসন আমরা চলতে দেব না।”
এদিন শহিদ স্মরণ যাত্রায় মানুষের উৎসাহ ও উদ্দীপনার প্রসঙ্গ তুলে ধরার পাশাপাশি ভোট পূর্ববর্তী ও পরবর্তী হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আদালতের নির্দেশে রাজ্য সরকার অত্যাচারিত বিজেপি কর্মীদের ক্ষতিপূরণ দেবে বলেও তিনি মন্তব্য করেন।

