জে মাহাতো, আমাদের ভারত, খড়্গপুর, ৮ আগস্ট: রবিবার সকালে খড়গপুর শহরের জল যন্ত্রণা দেখার সময় মেজাজ হারিয়ে নিজের দলের কাউন্সিলরকে ল্যাম্পোষ্টে বেঁধে রেখে বিক্ষোভ দেখানোর নিদান দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

এদিন সকালে প্রাতঃভ্রমণে বেড়িয়ে খড়্গপুর শহরের দু’নম্বর ওয়ার্ডে এক অসুস্থ বিজেপি কর্মীকে দেখতে গিয়ে জলমগ্ন এলাকা পরিদর্শন করেন। সাংসদকে কাছে পেয়ে এলাকার মানুষ তাদের দীর্ঘদিনের জল যন্ত্রণার কথা বলেন। এরপরেই তিনি রেগে গিয়ে বলেন, এতদিন কি ঘুমাচ্ছিলেন? এমপি কোটার টাকা আমি পৌরসভাকে দিয়েছি কিন্তু পৌরসভা আমার দেওয়া টাকায় কোনও কাজ করেনি। পৌরসভার বিরুদ্ধে বিক্ষোভ দেখান, রাস্তা অবরোধ করুন আমি আপনাদের সঙ্গে রয়েছি। এলাকার বাসিন্দারা বলেন, এই ওয়ার্ডের মহিলা কাউন্সিলর সুখরাজ কাউর আপনাদের বিজেপির। তখনই রেগেমেগে দিলীপ ঘোষ বলেন, দরকার পড়লে তার বাড়ির বাইরে গিয়ে বিক্ষোভ দেখান। ল্যাম্পপোস্টে বেঁধে রাখুন যাতে সে বাড়ি থেকে না বের হতে পারে। সবকিছু কি দিলীপ ঘোষ করে দেবে? আপনারা বাড়িতে ঘুমিয়ে থাকুন। তিনি বলেন, টাকাও দেবো আবার অভিযোগও শুনতে হবে দিলীপ ঘোষকে?

দিলীপ ঘোষ এদিন খড়্গপুর- মেদিনীপুর উন্নয়ন পর্ষদ এবং খড়গপুর পৌরসভার বিরুদ্ধে ক্ষোভ উগরে বলেন, সাংসদ কোটার টাকা দেওয়া সত্ত্বেও তারা কোনও প্রকল্প হতে দিচ্ছে না। নিজেরাও করবেন না, কাউকে করতেও দেবেন না। এ প্রসঙ্গে পুরপ্রধান প্রদীপ সরকার বলেন, সাংসদ তহবিলের টাকা পৌরসভা নেয় না। ওই টাকা কেএমডিএ নিয়ে থাকে। পৌর প্রধান বলেন, খড়গপুর শহরের জল তো রেলের থেকেই আসছে। রেলের উচিত মাস্টার প্ল্যান করা। মুখ্যমন্ত্রী অনুমোদন দেওয়ার পর আমরা তাই করছি।
রবিবার কেশিয়াড়ির খাজরাভেড়িতে সাংসদ তহবিলের টাকায় তৈরি একটি পানীয় জল প্রকল্পের উদ্বোধন করেন সাসদ দিলীপ ঘোষ। এলাকার মানুষের পানীয় জলের সমস্যার কথা জানার পর সাংসদ তহবিল থেকে প্রকল্প তৈরি হয়।


