আমাদের ভারত, ১৩ নভেম্বর: নির্বাচনের আগে নির্বাচনে দাঁড়ানোর জন্য প্রচুর টাকার লেনদেন হয়েছে বিজেপিতে। টুইট করে এমন অভিযোগ করেছেন তথাগত রায়। সে প্রসঙ্গে দিলীপ ঘোষ পাল্টা দিয়ে বলেছেন, যারা বলেছেন একথা, তাদেরই দায়িত্ব এর প্রমাণ দেওয়া।
অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের দলত্যাগ নিয়ে বিজেপি নেতা তথাগত রায় মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছে। এই ক্ষেত্রে রাজ্য বিজেপি প্রাক্তন সভাপতি তথাগত রায় টাকা-পয়সার লেনদেনের অভিযোগ তুলেছেন। এ প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, যারা এসব কথা বলছেন, প্রমাণ দেওয়ার দায়িত্ব তাদের। সবার সামনে কিছু বলে দিলে হয়তো নিজেকে ভালো বলে তুলে ধরা যায়। কিন্তু যে কথা বলছেন তার প্রমাণ দেওয়া উচিত। কারণ এটা শুধু দল নয় সমাজের পক্ষেও সঠিক নয়।
বাংলায় ক্ষমতা দখলের চেষ্টা খানিকটা ধাক্কা খেয়েছে বিজেপির। একের পর এক দলত্যাগ করছেন অনেকে। তবে তারা বেশির ভাগই নির্বাচনের সময় দল পরিবর্তন করে আসা নেতা অথবা সেলিব্রেটি। আর এই দলত্যাগ নিয়ে বরাবরই রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন তথাগত রায়।
বৃহস্পতিবার বিজেপি ছাড়ার ঘোষণা করেছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এরপরই দলীয় নেতৃত্বের বিরুদ্ধে আক্রমণ চালিয়েছে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। ভোটের মুখে বিজেপিতে যোগ দেওয়া শ্রাবন্তীর তিনি কড়া সমালোচনা করেন এবং তারই সঙ্গে একটি চাঞ্চল্যকর অভিযোগ করেন। তিনি বলেন, “শ্রাবন্তী চট্টোপাধ্যায় বিজেপি সম্পর্কে কতটা ধারণা আছে সে সম্পর্কে আমি জানি। সেটা হলো শূন্য। সে নিজের স্বার্থ উসুল করে নিয়েছেন, প্রচুর টাকা নিয়েছেন, সেই সঙ্গে মদন মিত্রের সঙ্গে জলকেলি নৌকা বিহার ইত্যাদি করেছেন। সময় হয়ে গেছে চলে গেছেন। বিজেপির ঘাড় থেকে ভূত নেমেছে।” অভিনেত্রী বিরুদ্ধে এই টাকা নেওয়ার অভিযোগেই বিতর্ক শুরু হয়েছে। তথাগত রায় মন্তব্যকে হাতিয়ার করেছে তৃণমূল, সিবিআই তদন্তের দাবি করেছে। কিন্তু তথাগতর এই বিতর্কিত মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ দল।

