বিভিন্ন উদ্দেশ্য নিয়ে এসেছিলেন, সেটা পূরণ হয়নি বলেই তৃণমূলে ফিরতে চাইছেন সোনালী: দিলীপ

আমাদের ভারত, ২৩ মে: সোনালী গুহ তৃণমূলে ফিরে গেলে বিজেপির কোনও ক্ষতি হবে না। ভোটের আগে যারা বিভিন্ন উদ্দেশ্য নিয়ে বিজেপিতে এসেছিলেন, তারাই এখন ফিরে যাচ্ছেন বলে মনে করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়, এদের আসা যাওয়াতে সংগঠনের কোনো ক্ষতি হয় না, যাঁরা দলের প্রকৃত সৈনিক তাঁরা সবসময় লড়াইয়ে থাকেন।

বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছিলে সাতগাছিয়ার প্রাক্তন বিধায়ক সোনালী গুহ। তৃণমূলের তরফে তাঁকে প্রার্থী করা হয়নি, দলের ভিতরে দমবন্ধ পরিস্থিতি এই অভিযোগ নিয়ে তিনি পদ্মশিবিরে যোগ দেন। কিন্তু তাঁকে প্রার্থী করেননি বিজেপিও। এবার তিনি আবার ফিরে যেতে চান পুরনো দল তৃণমূলে। শনিবারই মমতা বন্দ্যোপাধ্যায়কে টুইটারে খোলা চিঠি লিখে ক্ষমা চেয়েছেন সোনালী।

এর আগে গত মঙ্গলবার বিজেপি ছেড়েছেন সোনালীর সঙ্গে এক দিনে বিজেপিতে যোগ দেওয়া বসিরহাট দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। দিলীপ ঘোষ এক্ষেত্রে বলেন, অনেকে অনেক রকম উদ্দেশ্য নিয়ে দলে এসেছিলেন, এখন সেইসব পূরণ হবে না বুঝতে পেরে চলে যাচ্ছেন। লড়াই করতে ভয় পাচ্ছেন। তাঁকে প্রশ্ন করা হয়, এর ফলে কি দলে ধাক্কা লাগবে না? তিনি বলেছেন এখন বিজেপি কর্মীদের ওপর আক্রমণ চলছে জেলায় জেলায়। শুক্রবারে ঘাটালের বিধায়কের উপর আক্রমণ হয়েছে। কিন্তু কর্মীদের পাশে যারা থাকার তারা এখনো আছেন। আগামী দিনেও থাকবেন।

সোনালী দিব্যেন্দু শুধু নয় নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেওয়া অনেকেই এখন গেরুয়া শিবির ছেড়ে আবার ফেরত যেতে চাইছেন তৃণমূলে বলে শোনা যাচ্ছে। কয়েকজন সংখ্যালঘু নেতা ইতিমধ্যেই তৃণমূলে যোগ দেওয়ার তোড়জোড় শুরু করেছেন বলে খবর। বিজেপির নেতা কর্মীদের একাংশ মনে করেন, “এটা জানা কথা, অনেকেই এখন চলে যাবেন, দলে এসেই যারা প্রার্থী হয়ে গিয়েছিলেন তারা অনেকেই হেরে যাওয়ার পর বাড়ি থেকে বের হচ্ছেন না, ফোন ধরছেন না। এদের দলে থাকা না থাকা সমান।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *