রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী জোট নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের 

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৫ জুন: রাষ্ট্রপতি নির্বাচনের প্রাক্কালে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লিতে গিয়ে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠন করার প্রক্রিয়াকে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের সংসদ দিলীপ ঘোষ।

বুধবার মেদিনীপুর শহরে বিজেপির কার্যকারীনি বৈঠকে যোগ দেওয়ার পর এক সাংবাদিক বৈঠকে  তিনি বলেন, যারা বাংলাকে সামলাতে পারে না, যে রাজ্যে দিনের পর দিন আইন-শৃঙ্খলার অবনতি হচ্ছে, তারা বাংলার বাইরে গিয়ে দেশকে সামলানোর কথা বলছে। দিলীপ ঘোষ বলেন, পশ্চিমবঙ্গে ভেঙ্গে পড়া আইন শৃঙ্খলা এবং প্রতিটি ক্ষেত্রে দুর্নীতির অবদান দেখেই দেশের মানুষ এদের বিচার করবেন। রাজ্যে বিভিন্ন ইস্যুতে চলা আন্দোলন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেদিনীপুরের সাংসদ বলেন, সব ক্ষেত্রেই এখানে আন্দোলন হচ্ছে। দিদি কেন প্রধানমন্ত্রী হচ্ছে না, ছাত্র ছাত্রীদের কেন পাশ করানো হচ্ছে না, টাকা দিয়ে চাকরি কেন পাইনি এসব বিষয়েও এ রাজ্যে আন্দোলন হচ্ছে। পশ্চিমবঙ্গে সবই হয়।

শিলিগুড়ি, ফাঁসিদেওয়া সহ রাজ্যের বিভিন্ন এলাকায় বিরোধীদের প্রতি হুমকি দেওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, তৃণমূল নেতাদের বক্তব্য পার্টি একটাই থাকবে, সেটা হল তৃণমূল। অন্য পার্টি করলে বাঁচার অধিকার থাকবে না। বিরোধীতা করলেই কেস দেওয়া হয়েছে এবং এখনও দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *