নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১৯ মার্চ: সবকিছু ভুলে বিক্ষুব্ধদের প্রচারে ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান জানালেন দিলীপ ঘোষ। তিনি বলেন, দলে গণতন্ত্র রয়েছে, ফলে কথা বলার সবার অধিকার রয়েছে। বিক্ষুব্ধদের কড়া বার্তা দিয়ে শুক্রবার নিউটাউনে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, অনেক হয়েছে এবার সবাই ঝাপিয়ে পড়ুন।
প্রসঙ্গত, প্রার্থী তালিকা প্রকাশ হতেই বিজেপির অন্দরে কোলাহলের চিত্র। প্রার্থী পছন্দ না হওয়ায় চারদিকে চলছে বিক্ষোভ। এবার তা থামাবার সময় হয়ে এসেছে বলে জানালেন বিজেপি রাজ্য সভাপতি। তিনি বলেন, অনেকের মনেই হয়তো বাসনা ছিল আমি বিধায়ক হব। সবাইকে দল প্রার্থী করতে পারেনি। আমি বুঝতে পারছি অনেকেরই খারাপ লেগেছে। সমাজের সর্বস্তরের মানুষকে প্রার্থী করতে হয়েছে। তাই হয়তো অনেকেই বাদ পড়েছেন। তাদের এবার বলছি সবকিছু ভুলে প্রচার শুরু করুন। এতকিছুর পরেও বিজেপি জিতবে। ২০০-র বেশি আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসছে। তাই সমস্ত কিছু ভুলে গিয়ে কর্মীদের প্রচারে ঝাঁপাতে হবে বলে জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

