লালগড়ের ধরমপুরে কুড়মিদের বিক্ষোভের মুখে দিলীপ ঘোষ

পার্থ খাঁড়া, ঝাড়গ্রাম, ১৫ মে: ঝাড়গ্রামের লালগড়ের ধরমপুরে দলীয় কর্মসূচিতে যাওয়ার পথে রবিবার বিকেলে দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন কুড়মিরা। ঘেরাও মুখে পড়ে সাংসদ দিলীপ ঘোষ কুড়মিদের আন্দোলনে সহমর্মিতা আছে বলে জানালেন।

রবিবার বিকেলে লালগড়ের ধরমপুরে দলীয় কর্মসূচিতে যাওয়ার পথে বামাল এলাকায় কুড়মিদের ঘেরাওয়ের মুখে পড়েন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। তাঁর সঙ্গে ছিলেন ঝাড়গ্রাম জেলা বিজেপির সভাপতি তুফান মাহাতো ও সহ-সভাপতি দেবাশিস কুন্ডু। কুড়মিদের “ঘাঘর ঘেরা” কমিটির নেতা প্রিয়রঞ্জন মাহাতোর নেতৃত্বে কুড়মিরা তাদের ঘেরাও করেন। দিলীপ ঘোষকে ঘেরাও করে কুড়মিরা তাঁদের আন্দোলন সম্পর্কে বিজেপির অবস্থান জানতে চান।

তিনি কুড়মিদের এই বিষয়ে তাঁর দলের কোনও অবস্থান নেই বলে জানান। সেই সঙ্গেই জানান, সরকারি ব্যবস্থা আছে, সরকারি কমিটি আছে, তাঁরা সমীক্ষা করবে। তাঁরা যদি বলে সংরক্ষণ হবে, তবে হয়। তারপর সংসদে বিল আসলে পাশ হবে। আমি সংসদে সমর্থন করব। উদাহরণ দিয়ে তিনি, কিছুদিন আগে কর্ণাটকে একটি সম্প্রদায়কে সংরক্ষণ দেওয়া হয়েছে। দিলীপ ঘোষ জানান, বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো সংসদে জিরো আওয়ারে কুড়মিদের এই দাবি তুলেছেন। তিনি অভিযোগ করে বলেন, কংগ্রেস এতদিন ক্ষমতায় থেকে কুড়মিদের জন্য কিছুই করেননি। দিলীপ ঘোষ আরও জানান, খেমাশুলিতে কুড়মিদের আন্দোলনের সময়ে কোনও বাধা না দিয়ে চাল ও ডাল পাঠিয়েছিলেন। ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটির নেতা কৌশিক মাহাতো বলেন,”উনি মিথ্যা বলেছেন। আমরা চ্যালেঞ্জ করছি প্রমাণ দিক কাকে চাল ও ডাল দিয়েছেন। আমরা কোনও রাজনৈতিক দলের দয়া ভিক্ষা নিইনি”। মিনিট পনেরো ধরে দিলীপবাবুকে ঘেরাও করেন কুড়মিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *