আমাদের ভারত, ১৭ জুলাই: চার দিন আগে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মজার ছলেই বলেছিলেন, তিনি লম্বা ছুটি কাটাতে যাচ্ছেন। কিন্তু ছুটি কাটাতে তিনি কোথায় যাচ্ছেন তা স্পষ্ট করেননি। পরে শোনা গিয়েছিল তিনি কাশ্মীরে যাচ্ছেন। মিলেও গেল সে কথা। হ্যাঁ ভূ-স্বর্গে বেড়াচ্ছেন তিনি। শুধু ছুটি কাটাতে গেছেন দিলীপ ঘোষ তা নয়, লাদাখে গিয়ে একটি অক্সিজেন পার্লারের উদ্বোধন করেন বিজেপির রাজ্য সভাপতি।
লাদাখের লে সোলার কলোনিতে অক্সিজেন পার্লার চালু করেছেন সেবা ভারতী। এই সেবা ভারতী আরএসএসের একটি শাখা সংগঠন। দীর্ঘ চার দশক সংঘের প্রচারক হিসেবে কাজ করেছেন দিলীপ ঘোষ। অক্সিজেন পার্লার উদ্বোধন করে তিনি বলেন, আমি ৩৮ বছর সংঘের প্রচারক হিসেবে কাজ করেছি। একটা বড় সময় সেবা ভারতীর দায়িত্ব নিয়ে আন্দামান-নিকোবরে কাজ করেছি। আজকে লাদাখে এসে এই অক্সিজেন পার্লার উদ্বোধনে অংশ নিতে পেরে আমি আনন্দিত।
আরএসএস থেকে এসে বিজেপি সভাপতি হন ২০১৫ সালে। তাঁকে রাজ্য সভাপতি করা হয়। তিনি আসার পরেই বাংলায় ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় বিজেপি। বলা যায় দিলীপ ঘোষ সভাপতি হওয়ার পর বাংলায় বিজেপির শ্রীবৃদ্ধি হয়েছে। ২০১৯ এর লোকসভায় ১৮টি আসন জয় করে বাংলায় সর্বকালের সেরা ফল করে বিজেপি। কিন্তু একুশের ভোটে ধাক্কা খাওয়ার পর জল্পনা তৈরি হয় এবার হয়তো দিলীপ ঘোষকে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে। কিন্তু দিলীপ স্পষ্ট জানিয়ে দেন তাঁকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি তা পালন করে যাবেন। তার কথায় দল যখন বলবে আমাকে প্রয়োজন নেই তখন পুরনো কাজে ফিরে যাব। অনেকের মতে এই পুরনো কাজে ফেরা মানে সংঘের কাজে ফেরা। একথা বলে রাজ্য বিজেপির সভাপতি ঠিক কি বোঝাতে চেয়েছেন? তানিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরে।
রবিবার দিল্লিতে ফেরার কথা দিলীপ ঘোষের। সোমবার থেকে সংসদের বাদল অধিবেশন শুরু। তাই এখন দিল্লিতে থাকবেন দিলীপ ঘোষ। এদিকে তাৎপর্যপূর্ণ বিষয় হলো রাজ্য সভাপতি যখন লাদাখে তখন বাংলায় একাধিক জেলায় সাংগঠনিক বৈঠকে যোগ দিচ্ছেন শুভেন্দু অধিকারী। গতকালই হুগলি সাংগঠনিক জেলা বৈঠকে উপস্থিত হয়েছিলেন শুভেন্দু। এই বিষয়টিকে বেশ গুরুত্ব দিয়েই দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

