নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২৪ এপ্রিল: ভোটের দিন অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করার দাবিতে সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার কলকাতায় বেলেঘাটায় দলের হয়ে প্রচারে এসে তিনি বলেন, ওঁনাকে বাইরে রাখলে বীরভূমে শান্তিতে ভোট হবে না। শান্তিতে ভোট করাতে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতিকে নজরবন্দি
করতে হবে। কমিশন তা পারে বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।
প্রসঙ্গত, বিগত দিনে অনুব্রত মন্ডলকে ভোটের দিন নজরবন্দি করেছিল নির্বাচন কমিশন। এবারের বিধানসভা নির্বাচনে বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে নজরবন্দি করে রাখার দাবি উঠেছে বিরোধীদের পক্ষ থেকে। সেই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি বলেন, এরা বাংলার গণতন্ত্রকে ক্ষতবিক্ষত করেছে। এদেরকে বাইরে রাখলে বীরভূম জেলায় ভোট হবে না। অনুব্রত মণ্ডল সারাবছর মানুষকে হেনস্থা করেন। আইন মানেন না। শান্তিতে ভোট করাতে নির্বাচন কমিশন অনুব্রত মন্ডলকে নজরবন্দি করতেই পারেন।
যদিও বিরোধীদের নজরবন্দির দাবিকে কুৎসা বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি তাঁর জেলা সভাপতিকে আজ বীরভূমে বলেছেন, কমিশন নজরবন্দি করলে আদালতে যেতে হবে। আদালতে গিয়ে কমিশনের বিরুদ্ধে লড়াই করতে হবে।

