পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৮ ডিসেম্বর: পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় সংগঠনকে শক্তিশালী করতে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেলদা থানার মান্না অঞ্চলে কর্মিসভা হল বিজেপির। সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহ-সভাপতি তথা মেদিনীপুরের সংসদ দিলীপ ঘোষ।
তিনি এদিনের সভায় রাজ্য সরকারকে তুলোধুনা করেন। তিনি বলেন, রাজ্য শুধু বলে কেন্দ্র কিছু দেয় না কিছু দেয় না, কিন্তু আজ গ্রাম পঞ্চায়েত এলাকায় যেটুকু যা দেখছেন সব কিছু কেন্দ্রের দেওয়া টাকায়। রাজ্য সরকার পঞ্চায়েত এলাকার উন্নয়নের জন্য নিজেদের এক পয়সাও খরচ করেনি উল্টে কেন্দ্র যা দিচ্ছে তা থেকে সব চেঁছে পুছে নিয়ে নিচ্ছে। ভাইপোদের বাঁচিয়ে রাখতে সব টাকা শেষ। এখন যত খারাপ এবং বদমাইশ লোক তারা এখন সব পঞ্চায়েতে রয়েছে, ফলে তাদের কাছে কোনো কিছু আশা করা যায় না।
আজকের এই সম্মেলনে দিলীপ ঘোষ ছাড়া উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি তাপস মিশ্র, জেলা সাধারণ সম্পাদক তপন ভুঁইঞা, মন্ডল সভাপতি গৌরী শংকর অধিকারী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

