আমাদের ভারত, মেদিনীপুর, ১১ মে: নির্বাচন পরবর্তী হিংসায় উদ্বেগ প্রকাশ করে ঘরছাড়া দলীয় কর্মীদের ঘরে ফেরানোর আহ্বান জানালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “নির্বাচন পরবর্তী সময়ে যে হিংসা শুরু হয়েছে গোটা রাজ্যে, এখনও তা থামেনি। বহু মানুষ এখনও ঘর ছাড়া। বিজেপি কর্মী, সমর্থক, নেতাদের ঘর বাড়ি ভাঙ্গচুর করা হয়েছে, লুট করা হয়েছে, তাদের ধরে নিয়ে এসে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে এক হাজারেরও বেশি বিজেপি কার্যকর্তা, কর্মী-সমর্থক ঘরছাড়া, মেয়েদের উপর অত্যাচার হচ্ছে। এখনও চলছে এসব। সেই কারণেই বিজেপির প্রদেশ নেতৃত্বরা প্রতিটি জেলায় গিয়ে ক্ষয়ক্ষতির হিসেব নিচ্ছে, কর্মীদের সঙ্গে কথা বলছেন। আমিও মেদিনীপুরে আজ এসেছিলাম সেই কারণেই।” মেদিনীপুর শহরের দলীয় কার্যালয়ে জেলা নেতৃত্ব ও কর্মীদের নিয়ে পর্যালোচনা বৈঠকের পর মঙ্গলবার দুপুরে এমনটাই জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
এদিকে, কেশিয়াড়ী পঞ্চায়েত সমিতির দখল নিয়েছে তৃণমূল কংগ্রেস। এই প্রসঙ্গে দিলীপ বাবু জানান, “এটা হবে জানতাম। কোর্টের নির্দেশও মানা হয়নি, গায়ের জোরে, প্রশাসনকে কাজে লাগিয়ে দখল নেওয়া হয়েছে। এটা নতুন কিছু নয়। আমাদের আশঙ্কা ছিল, এমনটাই হবে। তাই হচ্ছে। সাধারণ মানুষ যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন তৃণমূলের বিরুদ্ধে, তাদের সাথে এটা প্রতারণা করা হল। গণতন্ত্রে এর চেয়ে বড় অপমান আর কিছু হতে পারে না।”
দিলীপ বাবু এদিন দলীয় নেতৃত্বদের নির্দেশ দিয়ে যান, যেসব কর্মীরা ঘরছাড়া, সেইসব এলাকায় গিয়ে তাদের বাড়ি ফেরাতে হবে। যেসব কর্মীদের বাড়িঘর ভাঙ্গচুর করা হয়েছে, সেগুলি মেরামতের ব্যবস্থা করতে হবে। স্থানীয় ভাবে ও প্রশাসনের সঙ্গে কথাবার্তা বলে এইসব ব্যবস্থা করতে হবে। এদিন, দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ থাকার পরামর্শও দেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। নেতৃত্ব পাশে আছে বলেও জানান তিনি।

