জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ মে: ভোট পরবর্তী হিংসায় অত্যাচারিত শালবনি এলাকার বিজেপি কর্মী সমর্থকদের পাশে থাকার আশ্বাস দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর শালবনির
কর্ণগড় সহ বেশকিছু এলাকায় বিজেপি কর্মীদের ওপর আক্রমণ করার এবং তাদের বাড়ি ভাঙ্গচুর ও বোমাবাজি করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ রবিবার সেই সমস্ত বিজেপি কর্মীদের ক্ষতিগ্রস্থ বাড়ি ঘুরে দেখেন এবং দলীয় কর্মীদের কাছ থেকে তৃণমূলের এক মাস ধরে চালানো অত্যাচারের অভিযোগ শোনেন।

শালবনির বিজেপি নেতা গোপাল মিদ্দা সাংবাদিকদের জানান, ফল ঘোষণার পর থেকে কুড়ি দিন তারা ঘরছাড়া ছিলেন। গত রবিবার বাড়ি ফেরার পর থেকেই প্রতিদিন রাতে চলছে বোমাবাজি। রাত আটটা পর্যন্ত পুলিশ থাকে, পুলিশ ফিরে যাওয়ার পরেই শুরু হচ্ছে বোমাবাজি এবং হুমকি। তৃণমূলের সন্ত্রাসের জেরে মাঠের ফসল পর্যন্ত তোলা সম্ভব হয়নি। এদিন তিনি দলীয় কর্মীদের অত্যাচারের অভিযোগ শোনার পর দিদির উপর তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং অভিযোগ করেন, তৃণমূল শুধু শালবনি নয় সর্বত্র ভয় ও সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছে। তৃণমূল দলের মধ্যে কোনো নিয়ন্ত্রণ নেই। জেলা তৃণমূলের পক্ষ থেকে অবশ্য বিজেপির এই অভিযোগ মিথ্যা বলে জানানো হয়েছে।

