সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৬ ফেব্রুয়ারি: জনসংযোগ কর্মসূচিতেই আসন্ন বিধানসভা নির্বাচনে বাঁকুড়া সদর বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থী হিসেবে বর্তমান বিধায়ক নিলাদ্রী দানার নাম ঘোষণা করলেন বর্ষীয়ান বিজেপি নেতা দিলীপ ঘোষ। শুধু তাই নয়, তাকে আরো বেশি ভোটে জেতানোর আহ্বান জানালেন। এভাবে দলীয়ভাবে প্রার্থী তালিকা প্রকাশের আগেই নাম ঘোষণায় বিতর্ক সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে।

এ বিষয়ে দিলীপবাবু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, বর্তমান এমএলএ নিলাদ্রী দানা। তিনি এবারও প্রার্থী হবেন। জনসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি উপস্থিত জনতাকে আহ্বান জানান এবার আরো বেশি ভোটে নিলাদ্রী দানাকে জেতাতে। উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি প্রশ্ন ছুড়ে দেন, কি জেতাবেন তো?
দিলীপবাবু প্রার্থী হিসেবে তার নাম ঘোষণায় সৃষ্ট বিতর্ক নিয়ে নিলাদ্রী দানার বক্তব্য, আমরা বিজেপির সৈনিক। মোদীজি আমাদের নেতা। দল যা নির্দেশ দেবে সেইমতো কাজ হবে। আগামী নির্বাচনে দলকে জেতাতে হবে এটাই আমাদের লক্ষ্য।

এদিকে দলকে এড়িয়ে নাম ঘোষণায় কটাক্ষ করেছে তৃণমূল। তাদের বক্তব্য, বিগত পাঁচ বছরে কী কাজ করেছেন তা জনগনকে আগে জানাক বিজেপি বিধায়ক। তারপর এবার নির্বাচনে জেতার কথা চিন্তা করবেন।

