প্রার্থী তালিকা নিয়ে আলোচনা করতে দিল্লিতে ছুটলেন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১২ মার্চ:
কেন্দ্রীয় নেতৃত্বর তলবে ফের দিল্লি ছুটলেন দিলীপ ঘোষ সহ রাজ্য বিজেপি নেতৃত্ব। শুক্রবার শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, অমিতাভ চক্রবর্তী, বাবুল সুপ্রিয়দের দিল্লিতে তলব করা হয়। রাতেই তাঁরা বিশেষ বিমানে দিল্লিতে পৌঁছলেন।

রাজ্য বিজেপির সূত্রের খবর প্রার্থী তালিকা নিয়ে আলোচনা করতেই তাদের দিল্লিতে ডাকা হয়েছে। প্রসঙ্গত প্রথম ও দ্বিতীয় দফার প্রার্থী তালিকা তৈরি করার আগে রাজ্য নেতৃত্বকে দিল্লি তলব করেছিলেন অমিত শাহ। রাজ্য নেতৃত্বের সঙ্গে আলাপ-আলোচনা করার পর প্রথম ও দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণা করেছিল দিল্লি।

এবার অবশ্য বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে বাকি সব আসনের প্রার্থী তালিকা প্রকাশ করে দিতে। আগামী রবিবারের মধ্যেই প্রার্থী তালিকা প্রকাশ করে দিতে চাইছে দিল্লি। তাই তার আগে রাজ্য নেতৃত্ব সঙ্গে কথা বলার জন্যই দিলীপ ঘোষ, অমিতাভ চক্রবর্তী, বাবুল সুপ্রিয়দের দিল্লিতে তলব করা হয়েছে বলে বিজেপি সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *