বাঁশের লাঠি দিয়ে দলীয় কর্মীদের রিগিং আটকানোর পরামর্শ দিলীপ ঘোষের

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৩ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার দলীয় প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে এসে প্রস্তুতির ঘাটতি দেখে কর্মীদের প্রতি ক্ষুব্ধ দিলীপ ঘোষ মেজাজ হারিয়ে কর্মীদের বাঁশের লাঠি দিয়ে রিগিং আটকানোর পরামর্শ দিলেন। তিনি বলেন, হার নিশ্চিত জেনে তৃণমূল বিভিন্ন পৌরসভায় রিগিং করার পরিকল্পনা করেছে। পুরো পুলিশ প্রশাসন তৃণমূলের হয়ে আসরে নেমে পড়েছে। একদিকে লোকদেখানো রুটমার্চ হচ্ছে আর অন্যদিকে ভিতরে ভিতরে পুলিশ তৃণমূলকে সহযোগিতা করছে। এইজন্য তৃণমূলের গুন্ডাদের ভোট লুট আটকাতে নিজেদেরই তৈরী হতে হবে বলে কর্মীদের পরামর্শ দেন দিলীপ ঘোষ।

বুধবার ক্ষীরপাই পৌরসভার বিজেপি প্রার্থীদের প্রচারে একটি রোড শো করেন ও চা চক্রে মিলিত হন। মেদিনীপুরের সাংসদ। এদিন ৭, ৪ ও ৩ নম্বর ওয়ার্ডে পদযাত্রা করেন এবং বেশ কিছু বাড়িতে গিয়ে দলীয় প্রার্থীদের ভোট দেওয়ার আবেদন জানান। কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভোটের দিন তৃণমূলীদের ভোট লুট আটকাতে কাঁচা বাঁশের বড় বড় লাঠি কেটে রাখুন। পুলিশ বিজেপি কর্মীদের নিরাপত্তা দেবে না। নিজেদের নিরাপত্তার ব্যবস্থার নিজেদেরই করতে হবে। বুধবার সকাল থেকে বিভিন্ন ওয়ার্ডে পদযাত্রা, রোড শো ও বাড়ি বাড়ি গিয়ে ক্ষীরপাই পৌরসভার দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে ঝড় তোলেন সাংসদ দিলীপ ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *