আমাদের ভারত, ২৯ মে: ১২ জুন পটনায় বিরোধিদের মেগা বৈঠক প্রসঙ্গে ব্যঙ্গ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।
সোমবার নিউ টাউনে প্রাতভ্রমণের সময় প্রতিক্রিয়ায় তিনি বলেন, “মনে আছে ২০১৯ সালে ব্রিগেডে একটা সভা হয়েছিল? সব দল এসে মাছ ভাত আর রসগোল্লা খেয়ে গেছিল। ফল কি হয়েছিল? মোদী জি ৩০০ পেরিয়ে গেছিলেন। আর ওই বৈঠকের যে মূল হোতা ছিল তার ১২ টা সিট কমে গেছিল। তারা যেন সতর্ক থাকেন।”
দিলীপবাবু বলেন, “আমি বলে দিচ্ছি, যারা এইভাবে দেশের গরিমাকে মোদী বিরোধিতার নাম করে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন, তারা যেন মনে রাখেন যে, যে মোদীর পিছনে লেগেছে, তারা ডুবেছে, সেই নেতা ডুবেছে, সেই দেশ ডুবেছে। ইমরান খানকে দেখুন।”
প্রসঙ্গত, পটনায় বিরোধী দলগুলিকে নিয়ে বৈঠকের ডাক দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। কংগ্রেস, তৃণমূল-সহ দেশের প্রথম সারির বিজেপি বিরোধী দলগুলিকে বৈঠকে আহ্বান জানানো হয়েছে। বিভিন্ন বিষয়কে সামনে রেখে ২০২৪-এর লোকসভা ভোটের আগে বিরোধীরা ক্রমশ একজোট হওয়ার যে প্রয়াস চালাচ্ছে, তাতে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে বিজেপি বিরোধী দলগুলির নেতারা মনে করছেন।

