আমাদের ভারত, হাওড়া, ৫ অক্টোবর: আমফান ঘূর্ণিঝড়ের ক্ষতিপূরণের টাকায় দিদির ভাইদের পুজোর বোনাস হয়েছে। তবে সরকার পাল্টালে সব কড়ায় গন্ডায় বুঝে নেব। কেউ পার পাবে না। সোমবার আমতা ২ নং ব্লকে জয়পুরে আমফানের দুর্নীতি নিয়ে বিজেপির ডেপুটেশনে এইভাবেই শাসক দলকে তুলোধোনা করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
এদিন দিলীপ ঘোষ বলেন, পশ্চিম বাংলায় এবার শান্তিপূর্ণ নির্বাচন করার দায়িত্ব নিয়েছে বিজেপি। সুতরাং বাংলায় শান্তিপূর্ণ নির্বাচন হবে। তিনি বলেন, বুথে এবার দিদির পুলিশ থাকবে না থাকবে অমিত শাহর পুলিশ। তাদের হাতে যেরকম বন্দুক থাকবে সেরকম লাঠিও থাকবে। বুথ দখল করতে এলে লাঠি দিয়ে কোমর ভেঙ্গে দেবে। আর যদি তার থেকেও বেশি বাড়াবাড়ি করে তাহলে এপাশ-ওপাশ হয়ে যেতে পারে। এদিন বিজেপির রাজ্য সভাপতি বলেন, বিজেপি কর্মীদের পাশাপাশি মহিলাদের মিথ্যা খুনের মামলা দেওয়া হচ্ছে। আমরা এইসব পুলিশদের নজর রাখছি। যারা মিথ্যা এফআইআর ও মিথ্যা মামলা করছে। দুজনের ভাগ্যে কষ্ট আছে।

উত্তরপ্রদেশের ঘটনা নিয়ে দিলীপ ঘোষ বলেন, তৃণমূল এই ঘটনাকে নিয়ে নাটক করছে। উত্তরপ্রদেশ সরকার ইতিমধ্যে জেলাশাসক, পুলিশ সুপার, আইসিকে সাসপেন্ড করেছে এমনকি ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানিয়েছে। যদি দিদির দম থাকে তাহলে মনীশ শুক্লা খুনের ঘটনায় সিবিআই তদন্ত করে দেখাক। আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি সবার কাপড় খুলে যাবে। কারণ ঘটনার সাথে দিদির দল, দিদির সরকার এমনকি দিদির পুলিশও জড়িয়ে আছে। এদিন মনীশ শুক্লা খুনের ঘটনায় দিলীপ ঘোষ বলেন, প্রকাশ্য রাস্তায় বিজেপি
নেতাকে খুন করা হলেও পুলিশ কিছু জানতে পারল না। অথচ আমরা কোথাও গেলে পুলিশ সব জানতে পারে এক্ষেত্রে কি পুলিশের চোখে ন্যাবা হয়েছে সেই নিয়েও প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ১২০ জন বিজেপি কর্ম কর্তার প্রাণ গেছে আরও যাবে। যদিও পশ্চিমবাংলা থেকে তৃণমূলকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলবে বিজেপি। এদিন দিলীপ ঘোষ কর্মীদের আশ্বস্ত করে বলেন, বিজেপি যেদিন শপথ নেবে সেদিন কর্মীদের উপর থেকে সমস্ত মামলা তুলে নেওয়া হবে।
মুর্শিদাবাদে উগ্রপন্থী ধরা পড়া নিয়ে দিলীপ ঘোষ বলেন, এই রাজ্যে আশ্রয় নেওয়া দেশদ্রোহী গুন্ডারা দিদির আঁচলের তলায় থাকে বলে পুলিশ এদের কিছুই করতে পারে না। এ দিনের এই সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য জয় বন্দ্যোপাধ্যায়, বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতি শিব শঙ্কর বেজ, সহ-সভাপতি রমেশ সাধুখাঁ, জেলার প্রাক্তন সভাপতি অনুপম মল্লিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।


