আমাদের ভারত, ১২ সেপ্টেম্বর: মানুষের প্রশ্নের মুখে দাঁড়াতে ভয় পান মুখ্যমন্ত্রী। সেই কারণেই বিজেপির নবান্ন অভিযানের আগে পালিয়ে যান তিনি। বিজেপির কর্মসূচির দিন মুখ্যমন্ত্রীর জেলা সফরে চলে যাওয়ার সিদ্ধান্তকে এভাবেই কটাক্ষ করলেন সুকান্ত মজুমদার।
বিজেপি রাজ্য সভাপতি বলেন, দিদিমণি বারবার পালিয়ে যান কেন? বিজেপি আসছে শুনেই দিদিমণি পালিয়ে যান। গণতন্ত্রে বিরোধীরা শাসককে প্রশ্ন করবে এটাই তো স্বাভাবিক।” তাঁর কথায় রাজ্যজুড়ে দুর্নীতি, চুরি, বেকারত্ব, মহিলাদের উপর অত্যাচার, প্রশাসনিক ব্যর্থতা নিয়ে তৃণমূল সরকারকে দায়িত্বশীল বিরোধী হিসেবে বিজেপি প্রশ্ন করবেই। মুখ্যমন্ত্রীর কর্তব্য বিরোধীদের প্রশ্নের সদুত্তর দেওয়া।” সুকান্ত মজুমদার হুঁশিয়ারির সুরে বলেন, “বারবার মানুষের প্রশ্ন এড়িয়ে আপনাকে পালিয়ে যেতে দেব না। জনগনের প্রশ্নের উত্তর আপনাকে দিতেই হবে।”

সুকান্ত মজুমদারের কথায়, “বার বার আগেই খেলার মাঠ ছেড়ে চলে যান দিদিমণি। এর আগে বিজেপির নবান্ন অভিযানের আগেই স্যানিটাইজেশনের নামে নবান্ন দু’দিন বন্ধ রেখেছিলেন মুখ্যমন্ত্রী। আর এবার বিজেপির নবান্ন অভিযানের আগেই নবান্ন ছেড়ে জেলায় চলে গেলেন মুখ্যমন্ত্রী।”
প্রসঙ্গত উল্লেখ্য, ১২ থেকে ১৫ সেপ্টেম্বর দুই মেদিনীপুর জেলা সফরে গেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

