আমাদের ভারত, ১৩ জুন: “ওরা যত বেশি পড়ে তত বেশি জানে তত কম মানে” তাই যে কোনো কিছুর অজুহাতে পাঠশালা বন্ধ রাখাটাই হীরক রানীর উদ্দেশ্য।
সোমবার গ্রীষ্মের ছুটি নিয়ে রাজ্যের ঘোষণার পর এই মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এ ব্যাপারে রঙিন পোষ্টারে তিনি টুইটারে লেখেন, “পাঠশালার ওপর এত রাগ কেন দিদি”।
সুকান্তবাবু লিখেছেন, “এরপর শিক্ষক সমাজের দিকে আঙুল উঠবে তারা পড়াতে পারেনি, শিক্ষকদের দোষটা কোথায়? কিছুদিন পর করোনা বাড়লে আবার স্কুল ছুটি। তিনমাস পর আবার পুজোর ছুটি, তারপর বড়দিনের ছুটি, তারপর পরীক্ষা এসে যাবে। ছাত্রছাত্রীরা পড়াশোনাটা করবে কবে দিদি?

যেখানে গরম বেশি আছে সেখানে স্কুল তো মর্নিং সেশনে চালানো যেতো। তা না করে সরকারের খরচ কমাতে গরমের অজুহাতে সারা রাজ্যে ২ মাস স্কুল ছুটির যুক্তিটা কোথায়?
দিদিমণি তো বলেই দিয়েছেন, ছেলেমেয়েরা তৃণমূল করলেই তৃণমূল তাদের ভবিষ্যৎ গড়ে দেবে। সুতরাং পড়াশোনা করার দরকার নেই।
“অনাচার করো যদি, রানী তবে ছাড়ো গদি”। দড়ি ধরে টানার সময় দ্রুত ঘনিয়ে আসছে।

