কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১৪ মার্চ:
দিদি সবার সাথে খেলা করছেন, আপনাদের সাথে খেলা করছেন, মহিলাদের সম্মানের সাথে খেলা করছেন। এবার আর এই খেলা চলবে না, এই খেলা শেষ। পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর বিধানসভার শালবনিতে বিজেপি প্রার্থী সমিত কুমার দাসের হয়ে প্রচারে এসে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি পশ্চিম বাংলার তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করে এই কথাগুলো বলেন।
স্মৃতি ইরানি বলেন, কেন্দ্রের বিভিন্ন প্রকল্পকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম বদলে রাজ্যের মানুষকে বোকা বানাচ্ছেন। কেন্দ্রের মোদী সরকার ২ টাকা কেজি দরে চাল দিচ্ছেন, কিন্তু দিদি এই রাজ্যে তার নাম বদলে সেই স্কিম চালাচ্ছেন। গরিব মানুষকে বাড়ি তৈরীর জন্য মোদীজি প্রধানমন্ত্রী আবাস যোজনা করেছেন, আর এই রাজ্যে দিদি নিজের ছবি দিয়ে সেই স্কিম চালিয়ে দিচ্ছেন।
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের উদাহরণ দিয়ে তিনি মানুষকে বলেন, এইবার পরিবর্তন আসতে চলেছে এবং তিনি তৃণমূল সরকারকে হটানোর ডাক দেন।

