আমাদের ভারত, মালদা, ২৭ ফেব্রুয়ারি: আজ মালদার পাকুয়াহাটে বিজেপির পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয়। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু এদিন সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, দিদিমণি বলছেন, তার ভাইয়েরা বলছেন খেলা হবে খেলা হবে। কিন্তু কি খেলা হবে। কারা খেলবে জলপাই রং পরা দিদির পুলিশ না দাদার পুলিশ। দিল্লি থেকে দাদার পুলিশ এসেছে। দাদার পুলিশ এসেছে আর দিদি চোখে সর্ষেফুল দেখছে। হ্যাঁ খেলা তো হবেই। দাদার পুলিশ ব্যাট হবে আর তৃণমূলের গুন্ডারা বল হব। এই তৃণমূলকে বলে বলে গোল দেব। দিদিমণি বলছেন উনি নাকি গোলকিপার। উনার হাতে বল দিলে উনি নিজেই গোলপোস্টে ঢুকে পড়বেন। দিদিমণি বলছেন আট দফায় কেন ভোট হবে। আট দফায় কেন আশি দফায় ভোট হবে। তৃণমূলের কোন কোন গুন্ডারা বাধা দেয়, আমাদের কর্মীদের বাড়িতে বোমা ফেলে তাদের নাম লিখে দিবেন আমরা সিআরপির কাছে পাঠিয়ে দেব। এদের ছবিও পাঠিয়ে দেবেন প্রথম দিনই সিআরপিএফ খেলতে শুরু করবে। প্রত্যেকদিন দশটা গোল চাই। পাস দেবে কে? বিজেপি কর্মীরা। প্রথমেই পিটিয়ে দেবো যাতে বাড়ি থেকে বের হতে না পারে। খেলা হবে এমন খেলা হবে যে সোজা হয়ে চলতে পারবে না।

পাশাপাশি একই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, এখানে যারা উদ্বাস্তু আছেন তারা বাংলার নাগরিকত্ব পাবে আমরা এমন বাংলা গড়তে চাই। তাই দিদিমণির সরকার এখন দুয়ারে দুয়ারে যাচ্ছেন। যমের দুয়ারে যাওয়া শুরু হয়ে গিয়েছে। এছাড়াও কাটমানি নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসকে ফের কটাক্ষ করেন তিনি। এদিনের পাকুয়াহাটের সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, উত্তর মালদার সংসদ খগেন মুর্মু ও সদ্য বিজেপিতে যোগ দেওয়া অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় সহ বিজেপি নেতা কর্মীরা।

