দিদি অনুব্রতর থেকে শিক্ষা নিয়ে পামেলাকে ফাঁসিয়েছে: সৌমিত্র খাঁ

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২০ ফেব্রুয়ারি: “অনুব্রত মণ্ডলের থেকে শিক্ষা নিয়ে দিদি পামেলাকে ফাঁসিয়েছে। কারন ও ওই ভবানীপুর, নিউ আলিপুরে ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার পক্ষে কাজ করছিল। ওরা এভাবেই মিথ্যা মামলায় বিজেপি কর্মীদের ফাঁসাচ্ছে। গোটা বিষয়টি আইনজীবীরা দেখছে, দিলীপ ঘোষ এই ঘটনায় নজর রেখেছে। আইন আইনের পথে চলবে।” –বললেন রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁ। উত্তর ২৪ পরগনার বারাসাতে কেন্দ্রীয় যুবনেতা তেজস্বী সূর্যকে সঙ্গে নিয়ে দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে একথাই বললেন সাংসদ সৌমিত্র খাঁ।

উল্লেখ্য, গতকাল কলকাতার নিউ আলিপুরে গাড়ি থামিয়ে ১০০ গ্রাম কোকেন-সহ গ্রেফতার করা হয়েছে বিজেপি যুব মোর্চার সম্পাদক ও হুগলি জেলার দলীয় পর্যবেক্ষক পামেলা গোস্বামী ও বিজেপি নেতা প্রবীর দে’কে। বাজেয়াপ্ত কোকেনের মূল্য কয়েক লক্ষ টাকা। নিউ আলিপুরের রাস্তায় পুলিশ তাঁদের গাড়ি থামিয়ে তাতে তল্লাশি চালিয়ে পামেলার ব্যাগ ও গাড়ি থেকে ওই ১০০ গ্রাম কোকেন উদ্ধার করে। তবে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী থাকার পরেও বিজেপি নেতা ও নেত্রীর কাছে কোকেন মজুত থাকা আসলে তৃণমূলের ষড়যন্ত্র বলে আগেই দাবি করেছেন বিজেপি নেতৃত্ব। আজ সেই ব্যাপারেই সৌমিত্র খাঁ বলেন, অনুব্রত মণ্ডলের থেকে শিক্ষা নিয়ে দিদি পামেলাকে ফাঁসিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *