আমাদের ভারত, ১৫ জুলাই: অসংসদীয় শব্দ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। তার মধ্যেই বাদল অধিবেশনের মুখে সংসদের জারি করা এক সার্কুলারে নতুন করে চর্চা শুরু হয়েছে। নয়া সার্কুলার অনুযায়ী সংসদ চত্বরে ধর্না, অনশন, বিক্ষোভ প্রদর্শন করা যাবে না। ধর্মীয় অনুষ্ঠান করার ব্যাপারেও অনুমতি দেওয়া হবে না।
এই নয়া সার্কুলার জারি করা হয়েছে রাজ্যসভার সচিবালয় তরফের। ১৮ জুলাই সংসদে বাদল অধিবেশন শুরু হচ্ছে। তার আগে রাজ্যসভার সেক্রেটারি জেনারেল পিসি মোদী বুলেটিন জারি করেছেন। এই নয়া সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী শিবির।
কেন্দ্র সরকারকে নিশানা করে কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ও রাজ্যসভায় কংগ্রেসের মুখ্য সচেতক লিখেছেন, বিশ্বগুরুর নতুন ফরমান, ডরনা (ধর্না) মানা হে।
অন্যদিকে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন চলাকালীন বেশ কিছু শব্দ প্রয়োগের উপর বুধবার নিষেধাজ্ঞা জারি করা হয়। লোকসভার সচিবালয় তরফে প্রকাশিত অসংসদীয় শব্দের তালিকায় রয়েছে, অপব্যবহার, লজ্জাজনক, নাটক, বিশ্বাসঘাতকতা, দুর্নীতিগ্রস্থ, অযোগ্য ভন্ডামির মতো কিছু শব্দ। বিরোধীরা এই নিয়ে সমালোচনায় মুখর হতেই লোকসভার স্পিকার ওম বিড়লা স্পষ্ট করে দেন, কোনো শব্দই নিষিদ্ধ করা হয়নি। তিনি জানান, তালিকাটি আসলে অভিব্যক্তি সংকলন, যা কক্ষের নথি থেকে বাদ পড়েছে।

