সুপ্রিম কোর্টের নির্দেশ মানুন! ভারপ্রাপ্ত কাউকে ডিজি পদে বসিয়ে রাখা অনুচিত, টুইটারে মমতাকে বিঁধলেন রাজ্যপাল

আমাদের ভারত, ৩ জুন: রাজ্য পুলিশের ডিজি পদে বীরেন্দ্রকে পুনর্বহাল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবিষয় নিয়ে এবার টুইটারে রাজ্য সরকারের সমালোচনায় সরব হলেন রাজ্যপাল জাগদীপ ধনখড়। তিনি লিখেছেন, ভারপ্রাপ্ত কাউকে ডিজি পদে বসানো উচিত নয়। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ রাজ্য সরকারের মানা উচিত।

টুইটারে ধনখড় লেখেন,”মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উচিত ভারপ্রাপ্ত কাউকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ না করে ইউপিএসসি প্যানেলের মধ্যে থেকে একজনকে ডিজিপি পদে নিয়োগ করা। রাজ্য সরকারের উচিত সুপ্রিম কোর্টের নির্দেশ মানা। ২০০৯ সালের ৬ জানুয়ারি পশ্চিমবঙ্গ সরকারের আবেদন নাকচ করেছিল সুপ্রিম কোর্ট।”

বীরেন্দ্র ছিলেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা। তারপর তাঁকে রাজ্য পুলিশের পদে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগ করেন। নির্বাচন কমিশন বিধানসভা নির্বাচনের আগে ওই পদ থেকে তাঁকে সরিয়ে দেয়। তবে ভোট মিটতেই বীরেন্দ্রকে আবার ডিজি পদে ফিরিয়ে আনেন মমতা। এদিকে রাজ্য সরকারের তরফে বীরেন্দ্রকে অস্থায়ীভাবে নিয়োগ করা হয়েছে এমনটা কখনোই বলা হয়নি। তাই ধনখড়ের এই টুইটের পর রাজ্য এবং রাজ্যপালের দ্বন্দ্ব আবারও একবার নতুন মাত্রা পেতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

https://twitter.com/jdhankhar1/status/1400353536546807812?s=1006

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *