ভোটের মুখে বদলি রাজ্য পুলিশের শীর্ষকর্তা ডিজি বীরেন্দ্র

রাজেন রায়, কলকাতা, ৯ মার্চ: ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার কে সরিয়ে দায়িত্বে আনা হয়েছিল সৌমেন মিত্রকে। যদিও ভোটে জেতার পর ফের রাজীব কুমারকে দায়িত্বে নিয়ে আসেন মুখ্যমন্ত্রী। আর এবার নির্বাচনী আচরণবিধি জারি হওয়ার পর পক্ষপাতমূলক আচরণের অভিযোগে সরিয়ে দেয়া হল ডিজি বীরেন্দ্রকে। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন পি নীরজনয়ন। ১৯৮৭ সালের ব্যাচের এই আইপিএস এডিজি অ্যাডমিনিস্ট্রেশন পদে নিযুক্ত ছিলেন। বুধবার সকাল ১০টার মধ্যে তাকে দায়িত্বভার গ্রহণ করতে বলা হয়েছে। নির্বাচনের কোনও দায়িত্বে থাকতে পারবেন না ডিজি বীরেন্দ্র। এই মর্মেই নির্দেশিকা জারি কমিশনের।

উল্লেখ্য, ভোটের দিন ঘোষণা হতেই রাজ্য পুলিশে রদবদল করে কমিশন। কয়েকদিন আগে এডিজি আইনশৃঙ্খলা পদ থেকে জাভেদ শামিমকে সরায় নির্বাচন কমিশন। তাঁর জায়গায় ওই পদে দায়িত্ব দেওয়া হয় দমকলের ডিজি জগমোহনকে। দমকলের ডিজি হিসেবে দায়িত্ব দেওয়া হয় জাভেদ শামিমকে।

এদিকে কলকাতা পুলিশ কমিশনারের মেয়াদ সম্পূর্ণ হয়ে যাওয়ায় নির্বাচন কমিশন ঘোষণা করার আগেই কলকাতা পুলিশ কমিশনারকে বদলি করে দেয় রাজ্য প্রশাসন।
নতুন পুলিশ কমিশনার করা হয়েছে সৌমেন মিত্রকে। অনুজ শর্মাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এডিজি সিআইডি পদে। সিদ্ধিনাথ গুপ্তাকে এডিজি সিআইডি পদ থেকে বদলি করে পাঠানো হয়েছে এডিজি (দক্ষিণবঙ্গ) পদে। সৌমেন মিত্রের পুরনো পদে স্থলাভিষিক্ত হন দেবাশিস রায়। তিনি এর আগে এডিজি (সশস্ত্র পুলিশ) পদে বহাল ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *