জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৬ এপ্রিল: শনিবার রাজ্য পুলিশের মহানির্দেশক মনোজ মালব্য জঙ্গলমহলের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলা সফর করেন। সম্প্রতি জঙ্গলমহলে মাওবাদী তৎপরতা বাড়ছে বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা রাজ্যের পুলিশ প্রশাসনকে সতর্ক করেছে। মাওবাদীদের গতিবিধির বাড়বাড়ন্ত এবং নাশকতার আশঙ্কার বিষয়ে আগাম পর্যালোচনা করতেই রাজ্য পুলিশের মহা নির্দেশকের এই সফর বলে জানা গেছে।
পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার দিনেশ কুমার সাংবাদিকদের জানান, রাজ্য পুলিশের মহানির্দেশক মেদিনীপুর পুলিশ লাইনে জেলার পুলিশ আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করেছেন। তিনি এই বৈঠককে রুটিন বৈঠক বলেই জানান।
পুলিশ সুপার আরো জানান, পার্শ্ববর্তী ঝাড়গ্রাম জেলাতেও পুলিশ আধিকারিকদের নিয়ে বৈঠক করার জন্য রওনা দিয়েছেন। বৈঠকে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জঙ্গলমহল এলাকার বিভিন্ন ঘটনা আলোচনা করা হয়েছে বলে পুলিশ সুপার জানিয়েছেন। দুই জেলার বৈঠকে উপস্থিত ছিলেন আইজি এবং জেলা পুলিশের আধিকারিকেরা।

