আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১৪ নভেম্বর:
করোনা স্বাস্থ্যবিধি মেনে মা ভবতারিণীর পুজোর আয়োজন করা হয়েছে দক্ষিণেশ্বর কালী মন্দিরে। শনিবার কালী পুজো উপলক্ষে দক্ষিণেশ্বর কালী মন্দির কর্তৃপক্ষ কালী মন্দিরের মূল দরজা সকাল ৭ টা থেকে মধ্যরাত পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে করোনা সুরক্ষার সব রকম প্রশাসনিক নির্দেশ মানা হচ্ছে মন্দির চত্বরে।

মন্দিরে প্রবেশ পথে প্রত্যেক ভক্তকে থার্মাল স্ক্রিনিং করে স্যানিটাইজার টানেলের মধ্যে দিয়ে মন্দির প্রাঙ্গণে নিয়ে যাওয়া হচ্ছে। পুজো দিতে আশা ভক্তদের ফুল, ফল, সিঁদুর, খাবার নিয়ে মন্দিরে ঢুকতে দেওয়া হচ্ছে না। পুজো দেওয়ার পর দ্রুত ভক্তদের মন্দির প্রাঙ্গণ থেকে বাইরে চলে যেতে অনুরোধ করা হচ্ছে। মন্দিরের ভেতরে যে ভক্তরা পুজো দিতে আসছেন, তাদের সামাজিক দূরত্ব বজায় রাখতে নির্দিষ্ট দূরত্বে লাইনে দাঁড়িয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে অনুরোধ করা হচ্ছে মাইকিংয়ের মাধ্যমে।

করোনা স্বাস্থ্য বিধি যথাযথ মেনে পুজো দেওয়ার ব্যবস্থা করায় খুশী পুজো দিতে আশা ভক্তরা। প্রত্যেকেই জানিয়েছেন, তারা মায়ের কাছে দ্রুত করোনা মুক্ত সমাজ গড়ে উঠুক, সেই প্রার্থনাই করেছেন। সন্ধ্যার পর ভক্তরা যাতে নিরাশ না হন সেই জন্য অনলাইনে মায়ের পুজো দেখানোর ব্যবস্থা করেছে মন্দির কমিটি, অনলাইনে ভক্তরা অঞ্জলিও দিতে পারবেন বলে জানা গেছে।


