করোনা ভাইরাসের কথা মাথায় রেখে ফুল ধুপকাঠি মোমবাতি নিয়ে দক্ষিণেশ্বর মন্দিরে প্রবেশ করতে পারবেন না ভক্তরা

প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ৪ নভেম্বর: করোনা আবহের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে কালীপুজো ও দীপাবলি। তবে বেশ কিছু বিধি নিষেধ মেনেই রাজ্যের সর্বত্র চলছে কালীপুজোর আয়োজন। বাদ নেই দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরও। গত বছর করোনা আবহের কারণে দক্ষিণেশ্বর মন্দিরে সম্পূর্ণ ভাবে বন্ধ ছিল দেবী দর্শন। তবে এই বছর সমস্ত করোনা বিধি মেনে আয়োজিত হয়েছে দক্ষিণেশ্বর মন্দিরের কালীপুজো। কঠোর ভাবে পালিত হচ্ছে সমস্ত করোনা বিধি। তবে দেবী দর্শন ও মায়ের পুজো দেখতে পারলেও করোনা ভাইরাসের কথা মাথায় রেখে ফুল ধুপকাঠি, মিষ্টি মোমবাতি নিয়ে দক্ষিণেশ্বর মন্দিরে প্রবেশ করতে পারবেন না ভক্তরা। মাস্ক ও স্যানিটাইজেশনে ব্যবস্থা রাখতে হয়েছে মন্দির চত্বরে। মাস্ক ছাড়া কাউকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আর নিয়ম কঠোর ভাবে পালন করতে মন্দির চত্বরে রয়েছে পুলিশি কড়াকড়ি।

বৃহস্পতিবার দীপান্বিতা কালী পুজো উপলক্ষ্যে ভোর পাঁচটায় মন্দির খোলা হয় ভক্তদের জন্য। এদিন দুপুর ১২ টা থেকে সন্ধ্যে ৩ টে পর্যন্ত মন্দির বন্ধ থাকবে। তবে এই সমস্ত বিধি নিষেধ থাকা সত্ত্বেও এই দীপাবলি কালীপুজো উপলক্ষ্যে অগনিত ভক্তের সমাগম হয়েছে দক্ষিণেশ্বর মন্দিরে। ভক্তদের বক্তব্য, “গত বছর আমরা আসতে পারিনি। মন্দিরে প্রবেশ নিষেধ ছিল। তবে এই বছর পুজো দেওয়া নিষেধ থাকলেও অন্তত দেবী দর্শন করতে পারছি এটাতেই আমরা অনেক খুশি। এখানে করোনা বিধি অবশ্যই মানছে মন্দির কর্তৃপক্ষ। বেশির ভাগ দর্শনার্থীদের মুখে মাস্ক থাকলেও অনেকেই মাস্ক পরছেন না। সেটা ভক্তদের ভাবা উচিত যে সরকারের নির্দেশ মেনে চলা উচিত। তবে প্রশাসন যথেষ্ট কঠোর ভাবে কাজ করছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *