জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৪ আগস্ট: বুধবার শালবনী বিধানসভার গড়বেতা ২ ব্লকের সমষ্টি উন্নয়ন অধিকরণ ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে একটি সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সম্বর্ধনা সভায় শালবনির বিধায়ক তথা মন্ত্রী শ্রীকান্ত মাহাতো এলাকার কৃতি ছাত্র-ছাত্রী ও বিশিষ্টজনদের সংবর্ধনা জানান। গড়বেতা দু’নম্বর পঞ্চায়েত সমিতি ও সমষ্টি উন্নয়ন আধিকারিদের পক্ষ থেকে এদিন প্রায় ৫০ জনকে সম্বর্ধিত করা হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানের পাশাপাশি এদিন পঞ্চায়েত সমিতির নবনির্মিত সভাগৃহেরও দ্বারোদঘাটন করা হয়েছে। এরপর স্থানীয় বিডিও, থানার আইসি সহ ব্লকের সমস্ত বিভাগের আধিকারিক, সভাপতি ও কর্মাধ্যক্ষদের নিয়ে সরকারের উন্নয়নকে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দিতে একটি জরুরি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উন্নয়নমূলক আলোচনা করেন রাজ্যের ক্ষুদ্র, মাঝারি শিল্প ও বস্ত্র দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো।


