“উন্নয়ন মূলক কাজকে হাতিয়ার করে চলবে পঞ্চায়েত ভোটের প্রচার,” জলপাইগুড়িতে তৃণমূলের বৈঠক শেষে জানালেন গৌতম দেব

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২২ জুন: ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন নিয়ে অনুষ্ঠিত হল জেলা তৃণমূলের বৈঠক। বৃহস্পতিবার জলপাইগুড়ির বাবুপাড়া জেলা পার্টি অফিসে এই বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, জেলা তৃণমূল সভাপতি মহুয়া গোপ, চন্দন ভৌমিক, বিজয় চন্দ্র বর্মন সহ জেলার গুরুত্বপূর্ণ নেতারা।

এদিন জেলাপরিষদের যারা প্রার্থী হয়েছেন তাদের সাথে বৈঠক করেন গৌতম দেব। এদিন বৈঠক শেষে গৌতম দেব জানান, পঞ্চায়েত নির্বাচন নিয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি একটি জরুরি মিটিং ডেকেছিলেন। নির্বাচনী রণকৌশল নিয়ে আলোচনা হল। নির্বাচনে উন্নয়ন মূলক কাজকে হাতিয়ার করে প্রচার চলবে। প্রত্যেক মানুষের কাছে আমরা যাব। শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হোক এটাই আমরা চাই। ইতিমধ্যে আমরা ২৯ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি।”

এদিকে দম্পতি আত্মহত্যায় প্ররোচনার ঘটনায় হাইকোর্টে জামিন নাকচ হতেই যুব তৃণমূলের জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্যায় উধাও হয়ে গিয়েছে। এই ঘটনা নিয়ে তৃণমূলের অন্দরে জোর আলোচনা হচ্ছে। পঞ্চায়েত ভোটের আগে যুব তৃণমূলের সভাপতি উধাও হয়ে যাওয়ার ঘটনা দলে অস্বস্তি বাড়িয়েছে।

যদিও এই বিষয়ে গৌতম দেব বলেন, “এই ঘটনার সঙ্গে দলের কোনো যোগ নেই। এটা রাজনৈতিক বিষয় নয়। এর দুটো সত্তা। এক, প্রথমত: তিনি জেলার প্রথমসারির নেতা, অন্যদিকে তার নিজস্ব সত্ত্বা আছে। এটা রাজনৈতিক সংঘর্ষের ঘটনা নয়। যেহেতু তৃণমূল কংগ্রেসের পদে আছেন। তাই বিরোধীরা রাজনৈতিক মুনাফা নেবার চেস্টা করছে। আমি বলবো পঞ্চায়েতের ইস্যু নিয়ে বিরোধীদের মোকাবিকা করা উচিৎ। আমাদের কাজের ক্ষেত্রে ভুল হলে আমরা মাথা নিচু করে মানুষের কাছে যাব। তবে সরকারের উন্নয়নের প্রচারই আমাদের মূল হাতিয়ার। তিনি আরও বলেন, “যাঁরা নির্দল হয়ে দলের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছেন তাঁরা অনেকেই মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। যাঁরা মনোনয়ন প্রত্যাহার করেননি উল্টে দলের বিরোধীতা করছেন। তাঁদের বিরুদ্ধে দলের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *