স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৪ এপ্রিল: করোনায় আক্রান্ত হলেন রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। শনিবার তিনি তার ট্যুইটারে নিজেই একথা জানালেন। জানা গিয়েছে, সাংসদ দেবশ্রী চৌধুরীর হালকা উপসর্গ রয়েছে। চিকিৎসকদের পরামর্শ মেনে ওষুধও খাচ্ছেন বলে ট্যুইটারে জানান তিনি।

ষষ্ঠ দফার নির্বাচনে গোটা উত্তর দিনাজপুর জেলাজুড়ে বিজেপি প্রার্থীদের নিয়ে প্রচারের পাশাপাশি রোড শো, সাথে একাধিক দলীয় জনসভায় অংশ গ্রহণ করেছিলেন দেবশ্রী চৌধুরী। অমিত শাহ, জেপি নাড্ডা, মিঠুন চক্রবর্তীর রোড শোতে দেখা গিয়েছিল রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীকে। এদিন ট্যুইটারে বার্তা দিয়ে মন্ত্রী দেবশ্রী চৌধুরী লিখেছেন, বিগত কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন তাদের সকলকেই যত দ্রুত সম্ভব করোনা পরীক্ষা করে নেওয়ার আবেদন করেন।

রায়গঞ্জে সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর করোনা হওয়ায় রায়গঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী কৃষ্ণ দ্বৈপায়ন জানিয়েছেন, দিদির দ্রুত আরগ্য কামনা করছি। দিদি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এটাই রায়গঞ্জবাসী কামনা করে। পাশাপাশি কৃষ্ণবাবু আরও বলেন, রায়গঞ্জবাসীদের মাস্ক, স্যানিটাইজ ও সামাজিক দূরত্ব বজায় রাখার অনুরোধ করা হচ্ছে। নিজে সচেতন হয়ে অন্যকে সচেতন করারও আবেদন করছেন বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী।

