খোঁজ মিলল দেবাঞ্জনের সঙ্গিনী সুস্মিতার, নিজেকে প্রতারিত বলে দাবি তরুণীর

রাজেন রায়, কলকাতা, ২৭ জুন: এবার খোঁজ মিলল দেবাঞ্জনের অফিসে তার মহিলা সহকারীর। দেড় মাস ধরে দেবাঞ্জনের অফিসে কাজ করছিলেন এই সুস্মিতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক দায়িত্ব সামলানো ছাড়াও কসবার ভুয়ো ভ্যাকসিন ক্যাম্পের দায়িত্ব সামলাতেন তিনি। যদিও এদিন সংবাদ মাধ্যমে নিজেকে প্রতারিত বলে দাবি করেছেন তিনি।

দেবাঞ্জনের অফিসে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসেবে কাজ করছিলেন তালতলার বাসিন্দা সুস্মিতা বন্দ্যোপাধ্যায়। সুস্মিতা বন্দ্যোপাধ্যায় জানান, তালতলার একটি পুজোর অনুষ্ঠানে দেবাঞ্জন দেবের সঙ্গে তাঁর পরিচয় হয়। দেবাঞ্জন তাঁকে আইএএস অফিসার বলে পরিচয় দেন। যেহেতু তাঁর বাড়িতে অসুস্থ সন্তান রয়েছে, তাই চাকরির তাগিদে দেবাঞ্জন দেবের অফিসে কাজ করতে শুরু করেন তিনি।

চাকরির জন্য তাঁর লেখা পরীক্ষা ছাড়াও ইন্টারভিউ হয়। তবে দেবাঞ্জন দেবের সঙ্গে তাঁর বেশি কথা হত না। তার চাকরির জাল নিয়োগপত্রও দেখিয়েছেন তিনি। সেখানে সুশান্ত দাসের সই রয়েছে। এমনকি দেবাঞ্জন দেবের অফিসের বাকি কর্মীরাও জানিয়েছেন যে, ডেপুটি সেক্রেটারি হিসেবে বাকিদের সঙ্গে সুস্মিতার পরিচয় করিয়ে দিয়েছিলেন দেবাঞ্জন। তবে সুস্মিতার সমস্ত দাবি সঠিক কি না, তা জানতে তার সঙ্গে দেখা করবেন লালবাজারের গোয়েন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *