কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ৩১ জুলাই:
নিম্নচাপের জেরে টানা দু’দিনের বৃষ্টি এবং বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার ফলে ঘাটাল মহকুমার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। মহাকুমার সমস্ত নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। কৃষ্ণ বল্লভপুর, দেয়ান চক মনোহরপুর, সহ বিভিন্ন এলাকায় এক্স জমিনদারি বাঁধ ভেঙ্গে যাওয়ার ফলে সংশ্লিষ্ট এলাকা প্লাবিত।
কয়েকটি এলাকার সার্কিট বাঁধেও ফাটল ধরেছে। ঘাটাল শহরের কুঠি বাজার সংলগ্ন মূল বাজারের মধ্যে বন্যার জল ঢুকতে শুরু করেছে। মনোহরপুর সহ কয়েকটি জায়গায় বন্যার জলের তোড় বাড়ছে। মহাকুমার চন্দ্রকোনা এবং দাসপুর ব্লক এর বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে এবং কয়েক লক্ষ মানুষ জলবন্দি।
প্লাবিত এলাকাগুলির যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত। এলাকার মানুষজন নৌকায় যাতায়াত করছেন। পানীয় জলের সংকট দেখা দিয়েছে। জানা গিয়েছে দারকেশ্বর নদের জলের চাপ থাকায় মহাকুমার নদীর জলের তল বেড়ে চলেছে। এরপর যদি জলাধার থেকে বেশি জল ছাড়া হয় এবং বৃষ্টি হয় তাহলে পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা আছে।

