ভগবানপুরে বন্যা পরিস্থিতির অবনতি, ভাসলো আরও কিছু গ্রাম

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২০ সেপ্টেম্বর: কেলেঘাই নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে ভগবানপুর এক নম্বর ব্লকে। নতুন করে প্লাবিত হয়েছে আরও বেশকিছু গ্রাম। ভগবানপুর এক ব্লকের বন্যা কবলিত এলাকাতেও জলস্তর আরও বৃদ্ধি পাচ্ছে। তার উপর গতকাল থেকে শুরু হয়েছে নিম্নচাপের জেরে বৃষ্টি। বন্যা পরিস্থিতির অবনতির সাথে সাথে অনেক গ্রাম বিদ্যুত বিহীন। চার্জ নেই অধিকাংশ মানুষের মোবাইলে। মোবাইল টাওয়ারের অনেকটা অংশ জলের তলায় ফলে মোবাইল নেটওয়ার্কের ভীষণ সমস্যা হচ্ছে। দিনে দিনে ক্রমশ অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতির।

বাজকুল এগরা বাস রাস্তার অনেক জায়গাতেই রাস্তার উপর দিয়ে যাচ্ছে বন্যার জল। ফলে ব্যাহত হচ্ছে যান চলাচল। গত ২৪ ঘন্টায় নতুন করে প্লাবিত হয়েছে চন্ডিপুর বিধানসভা এলাকার বেঁউদিয়া, পাজনকুল, খাজুরআড়ী, মনিরামচক সহ ভগবানপুর এক ব্লকের তেলিবাড়, গোপালদাসবাড়, দুর্গাপুর সহ বহু গ্রাম।পাশাপাশি প্লাবিত হয়েছে ভগবানপুর বিধানসভার রাধাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ অঞ্চল। গতকাল রাত থেকেই কুলবেড়িয়া খাল পেরিয়ে বাহাদুরপুর,শ্রীকান্তপুর, শ্যামচক, গুমকিয়া, চড়াবাড়, দ্বারিকাচক, মনোহরপুর, ঈশ্বরপুর, পূর্ব রাধাপুর, দয়ালচক, মাচনান, শঙ্খডিহা, মাধবপুর, লালবাজার, হরিপুর এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। এর ফলে বন্যা পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে দাঁড়াচ্ছে এলাকাবাসীর কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *