নিষেধাজ্ঞা সত্ত্বেও রাহুলের প্রচার, কমিশনে নালিশ তৃণমূলের

রাজেন রায়, কলকাতা, ১৪ এপ্রিল: শীতলকুচি নিয়ে বিতর্কিত মন্তব্য করায় রাহুল সিনহার প্রচারে ৪৮ ঘণ্টার জন্য নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন। কিন্তু তিনি তার রেকর্ডিং বক্তৃতা বিভিন্ন জায়গায় প্রচার করছেন এবং কিছু কিছু এলাকায় ঘুরছেন, এমন অভিযোগ হাতে এসেছে তৃণমূলের। বুধবার একথা জানিয়ে তাঁর প্রতিদ্বন্দ্বী তথা তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক প্রামাণ্য ভিডিয়ো ফুটেজ-সহ হাবড়ার রিটার্নিং অফিসারের কাছে এই অভিযোগ দায়ের করে চিঠি দিয়েছেন। অবিলম্বে রাহুল সিনহার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। এই আবেদনের ভিত্তিতে জেলা প্রশাসনের কাছে বিষয়টি জানতে চেয়েছে কমিশন।

শীতলকুচি কাণ্ডে বিতর্কিত মন্তব্য করে কমিশনের শাস্তির মুখে পড়েছিলেন রাহুল সিনহা। তাঁকে বলতে শোনা যায়, “কেন্দ্রীয় আধাসেনা বাহিনীকে শো-কজ করা উচিত, কেন তারা আট জনকে গুলি না মেরে চার জনকে মারল।” এই মন্তব্যের জেরেই ৪৮ ঘণ্টার জন্য হাবড়ার বিজেপি প্রার্থীর প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন। কিন্তু, নিষেধাজ্ঞা জারি হওয়ার ২৪ ঘণ্টার মাথায় আজ সকালে কর্মীদের সঙ্গে নিয়ে বাজার করেন রাহুল সিনহাকে। এমনকি চাষীদের সঙ্গে মাঠে লাঙ্গলেও হাত লাগান তিনি।

সূত্রের খবর, জ্যোতিপ্রিয় মল্লিক গোটা বিষয়টি রিটার্নিং অফিসারকে জানানোর পাশাপাশি এর প্রতিলিপি সিইও দফতরে পাঠানো হয়েছে। তৃণমূল প্রার্থীর প্রশ্ন, রাহুল মাইক হাতে মুখে কোনও কথা না বললেও নিয়মিত জনসংযোগের মাধ্যমে মাঠে নেমে সক্রিয়ভাগে নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন। বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের কাছে থেকে বিস্তারিত রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *