প্লাস্টিক বন্ধের কথা বললেও তারাপীঠে প্রশাসনের পক্ষ থেকেই ব্যবহার করা হচ্ছে প্লাস্টিক পাউচ

আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ২৬ আগস্ট: রক্ষকই ভক্ষক। প্রশাসন মুখে প্লাস্টিক বন্ধের কথা বললেও নিজেরাই প্লাস্টিক পাউচে পানীয় জল বিতরণ করছে পুন্যার্থীদের মধ্যে। ফলে পুন্যার্থীরাও দেদার প্লাস্টিক ব্যবহার করে চলেছে।

জাতীয় পরিবেশ আদালতের পূর্বাঞ্চল শাখার নির্দেশে তারাপীঠ মন্দির এলাকায় প্লাস্টিক নিষিদ্ধ। প্রশাসনের পক্ষ থেকে প্লাস্টিক বন্ধে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে প্রশাসনের কোনো নজর নেই। থাকবে কিভাবে? প্রশাসনের পক্ষ থেকে যে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে সেটা প্লাস্টিক পাউচে। ফলে পুন্যার্থীরা সেই জল পান করে যত্রতত্র প্যাকেট ফেলে দিচ্ছে।

মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, “আমরা মন্দির কমিটির পক্ষ থেকে প্লাস্টিক বন্ধের উপর জোর দিয়েছি। অতিরিক্ত নিরাপত্তারক্ষী নিয়োগ করা হয়েছে। তবে তারই ফাঁকে নজর এড়িয়ে কেউ কেউ প্লাস্টিক বাইরে থেকে নিয়ে চলে আসছে।”

জেলা শাসক বিধান রায় বলেন, “প্লাস্টিক বন্ধের উপর জোর দেওয়া হয়েছে। তবে পানীয় জলের জন্য পাউচ ব্যবহার করতে বাধ্য হয়েছি। কারণ বিকল্প কিছু পাওয়া যায়নি। তবে ওই পাউচ সঙ্গে সঙ্গে ডাস্টবিনে জমা করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *