শুভেন্দুর বিরুদ্ধে নন্দীগ্রামে বহিরাগতদের রাখার ‘প্রমাণ’-সহ কমিশনে ডেরেক

রাজেন রায়, কলকাতা, ২৩ মার্চ: নন্দীগ্রামে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়’কে ৫০ হাজারেরও বেশি ভোটে হারানোর চ্যালেঞ্জ করেছিলেন শুভেন্দু অধিকারী। আর তা কার্যকর করতে এবার নন্দীগ্রামের ঘরে ঘরে বহিরাগতদের ঢুকিয়ে রাখছেন তিনি। মঙ্গলবার নির্বাচন কমিশনে এমনই অভিযোগ করলেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তার অভিযোগ, নিরাপত্তারক্ষী বলে দাবি করে একাধিক লোককে এনে রাখা হচ্ছে। যারা ভোটের দিন সন্ত্রাস করতে পারে।

একদিকে খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যদিকে শুভেন্দু অধিকারী। গত কয়েকদিন ধরে নন্দীগ্রামে মাটি কামড়ে পড়ে শুভেন্দু। পালটা মাঠে ময়দানে নেমে কাজ করছেন নেত্রীর সহযোদ্ধারা। ভোট যত এগিয়ে আসছে ততই চড়ছে উত্তেজনার পারদ। দফায় দফায় উত্তেজনা ছড়াচ্ছে নন্দীগ্রামে। এবার সরাসরি নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস। দলের তরফে কমিশনে লিখিত অভিযোগ দায়ের করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

তৃণমূল সাংসদ নন্দীগ্রামে এলাকার চারটি বাড়ির কথা উল্লেখ করেছেন তাঁর অভিযোগপত্রে। তাঁর দাবি, ওই বাড়িতে ডিসেম্বর মাস থেকে ৩০ থেকে ৪০ জন যুবক রয়েছেন। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *