হাতির হানায় প্রাণ যাওয়া ব্যক্তির পরিবারের একজনের চাকরির দাবিতে বাঁকুড়ায় জেলাশাসকের কাছে ডেপুটেশন

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৪ এপ্রিল: জেলাজুড়ে হাতির আক্রমণে মৃতদের পরিবারের ১ জনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও এখনও চাকরি মেলেনি বহু পরিবারের। বাকিদের চাকরি দেওয়ার দাবিতে আজ বাঁকুড়ার জেলাশাসকের কাছে ডেপুটেশন দিয়ে জেলার হাতি সমস্যা সমাধানের জন্য গড়ে ওঠে সংগঠন সংগ্রামী গণমঞ্চ।

সংগঠনের সভাপতি পূর্ণেন্দু সরকার বলেন, গত ২ দশকে জেলায় বুনো হাতির উপদ্রব উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। এই সময়ে মাঠের ফসল যা নষ্ট হয়েছে তার কোনো হিসেব নেই। বাড়ি ঘর ভেঙ্গেছে কয়েক হাজার। ১৫০ জনের অধিক মানুষের জীবন চলে গেছে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলার গরিব মানুষের প্রাণ হানির সংখ্যা দেখে অত্যন্ত সহানুভূতিশীল হয়ে ঘোষণা করেন মৃতের পরিবারের ১ জনকে বন দফতরে স্থায়ী চাকরি দেওয়া হবে। সেইমত এখনও পর্যন্ত ৫৮ জনকে চাকরি দেওয়া হয়েছে।বাকিদের এখনও কোনও ব্যবস্থা হয়নি।

সংগঠনের জেলা সম্পাদক শুভ্রাংশু মুখার্জি জানান, হাতির হানায় মৃত পরিবারের তালিকা প্রস্তুত করা হলেও কি কারণে চাকরি দেওয়া বন্ধ রয়েছে তা আমরা বুঝতে পারছি না। বহু পরিবারের একমাত্র ব্যক্তির প্রাণ কেড়ে নিয়েছে বুনো দাঁতাল বাহিনী। সেইসব পরিবারের সংসার কিভাবে চলছে তার খোঁজ বন দফতর বা জেলা প্রশাসন কেউ খবর রাখেনি। শুধু নামমাত্র ক্ষতিপূরণ দিয়ে তারা দায় সেরেছেন। এনিয়ে আমরা বারবার আবেদন নিবেদন করেছি, কিন্তু কোনো সমাধান হয়নি। তাই আমরা জেলা শাসকের দ্বারস্থ হয়েছি। তিনি বলেন, অবিলম্বে বাকি তালিকাভুক্তদের সরকারি চাকরিতে নিয়োগ করতে হবে। পাশাপাশি জেলায় যে হাতিগুলি রয়েছে সেগুলিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে।

এদিন জেলা শাসক কে রাধিকা আইয়ার নিজে ডেপুটেশন নিয়ে স্মারকলিপিটি গ্রহণ করেছেন। তিনি বলেন, বিষয়টি তার এক্তিয়ারের মধ্যে পড়ে না। তবে তিনি এবিষয়ে সংশ্লিষ্ট দফতরের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *