স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৬ জানুয়ারি: নদিয়ার নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে গতকাল টিএমসিপি ও এবিভিপি সমর্থিত ছাত্রদের মধ্যে মারামারির ঘটনার প্রতিবাদে আজ দুপুরে এবিভিপির নবদ্বীপ ইউনিটের পক্ষ থেকে ওই কলেজের অধ্যক্ষের কাছে ডেপুটেশন জমা দিতে যায়। সেই সময় টিএমসিপির ছাত্ররা তাদের কালো পতাকা দেখিয়ে গোব্যাক স্লোগান দেওয়া শুরু করে। তখন এবিভিপির ছাত্ররা টিএমসিপি ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে সেখান থেকে মিছিল করে কলেজ মোড়ে গিয়ে পৌঁছায় এবং সেখানে তারা বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায় ও ওই ঘটনার প্রতিবাদে কুশ পুতুল দাহ করে।

জানাযায়, গতকাল নবদ্বীপ কলেজের ভিতর ছাত্রীদের উপর এবিভিপির ছাত্ররা অশালীন আচরণ করতে থাকে, সেই সময় সেখানে উপস্থিত টিএমসিপির ছাত্ররা প্রতিবাদ করতে গেলে দু’দলের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। ওই ঘটনায় দুই দলেরই বেশ কয়েকজন আহত হয়। ঘটনার প্রতিবাদ জানতে আজ এবিভিপির ছাত্ররা কলেজে গেলে টিএমসিপিরর ছাত্ররা তাদের উপর আক্রমন চালায় বলে অভিযোগ।
এবিষয়ে নবদ্বীপের পৌরপতি বিমানকৃষ্ণ সাহা বলেন, বিজেপির ছাত্র সংগঠনের কয়েকজন ছাত্র কলেজের ভিতরে বিভিন্ন অসমাজিক কাজকর্মের সাথে যুক্ত হয়ে সব সময় তারা কলেজের কাজে বিঘ্ন ঘটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার জন্য টিএমসিপির ছাত্ররা বাধা দিতে গেলে এই ঘটনা ঘটে বলে তিনি জানান। এই ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়।

