সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৬ মার্চ: বৈদ্যুতিক শক খেয়ে হাতির মৃত্যুর ঘটনায় ধৃত ক্ষেত মজুরের নিঃশর্ত মুক্তি, হাতির দলকে নিরাপদ স্হানে নিয়ে যাওয়া, হাতির হানায় ক্ষতিগ্রস্তদের পনেরো দিনের মধ্যে ক্ষতিপূরণের ব্যবস্থার দাবিতে আজ বাঁকুড়া সদর থানার বেলবনি বিট অফিসারের হাতে স্মারকলিপি দিল সংগ্ৰামী গণ মঞ্চ। হাতি উপদ্রুত বেলবনি এলাকার বিভিন্ন গ্ৰামের অধিবাসীরা আজ সকালে মিছিল সহকারে বেলবনি বিট অফিসের সামনে হাজির হয়। মঞ্চের পক্ষ থেকে নিরীহ ক্ষেতমজুর অসীম নন্দীর মুক্তি ও হাতিদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার দাবিতে বিক্ষোভ দেখানো হয়।
উল্লেখ্য, গত ১২ মার্চ বেলবনি বিটের চুয়াগাড়া হাইস্কুলের সামনে এক গমের ক্ষেত লাগোয়া স্হানে একটি পূর্ণবয়স্ক হাতির মৃত্যু হয়। প্রাথমিক ভাবে অনুমান ক্ষেতের চারপাশে বৈদ্যুতিক তার জড়ানো ছিল। হাতির শরীরের সাথে সংস্পর্শের কারণেই হাতিটির মৃত্যু হয়। তারপরেই স্হানীয় ক্ষেতমজুরকে গ্ৰেফতার করা হয়। বাঁকুড়া আদালতে তোলা হলে তার জেল হেফাজত হয়।
সংগ্ৰামী গণ মঞ্চের সম্পাদক শুভ্রাংশু মুখোপাধ্যায় বলেন, ধৃত ব্যক্তি নিরীহ ক্ষেতমজুর।পরের জমিতে কাজ করে তার দিন চলে। অবিলম্বে তার মুক্তির ব্যবস্থা করতে হবে। এছাড়াও এই এলাকায় হাতির উপদ্রব লেগেই আছে। হাতির হানায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের টাকা পনেরো দিনের মধ্যে দিতে হবে। হাতিগুলিকে ময়ূরঝর্ণায় নিয়ে যাওয়ার ব্যবস্হার দাবি জানান তিনি।

