কুমারেশ রায়, মেদিনীপুর, ২৩ জুন: একাদশ-দ্বাদশ শ্রেণির ভর্তিতে ছাত্রছাত্রীদের সমস্ত ফি মকুব ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের পরীক্ষার ফর্ম ফিলাপের সময় দেওয়া ফি ফেরতের দাবি জানাল ছাত্র সংগঠন
এআইডিএসও। বুধবার ঘাটাল ইউনিট, ঘাটাল বিদ্যাসাগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঘাটাল বসন্তকুমারী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং ঘাটাল যোগদা সৎসঙ্গ শ্রী যুক্তেস্বর বিদ্যাপীঠের প্রধান শিক্ষকের কাছে ডেপুটেশন দেওয়া হয় এবং দাবিপত্র পেশ করে। ডেপুটেশনে নেতৃত্ব দেন এআইডিএসও’র পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য দীপঙ্কর মাইতি। এছাড়াও ছিলেন রবীন ভৌমিক, অন্বেষা দোলই।

দীপঙ্কর মাইতি বলেন, “করোনা অতিমারীর কারণে জনসাধারণের আর্থিক সঙ্কট চরমে। প্রায় দুই বছর ছাত্রছাত্রীদের ক্লাস হচ্ছে না। এই পরিস্থিতিতে একাদশ -দ্বাদশ শ্রেণি সহ সমস্ত ছাত্রছাত্রীদের ফি সম্পূর্ণ মকুবের দাবি জানাচ্ছি আমরা। পাশাপাশি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল হওয়ার দরুন ফর্ম ফিলাপের সময় নেওয়া পরীক্ষার ফি ছাত্রছাত্রীদের ফেরতের দাবি জানাচ্ছি।
স্কুলের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা আমাদের দাবির সাথে একমত হয়েছেন এবং পরিচালন সমিতিতে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। দাবি পূরণ না হলে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার ডাক দেওয়ার কথা বলেন।

