স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ১২ ফেব্রুয়ারি:
তপশিলি সম্প্রদায়ের বিভিন্ন উন্নয়নমূলক ১৩ দফা দাবিতে তপশিলি জাতি আদিবাসী সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে বৃহস্পতিবার নদীয়া জেলাশাসককে এক ডেপুটেশন দেওয়া হয়। তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে তারা লাঞ্ছনা-বঞ্চনার শিকার। লকডাউনে আদিবাসী সম্প্রদায়ের মানুষকে জীবন বিপন্ন করে চলতে হয়েছিল। বর্তমানে লকডাউন উঠে গেলেও তারা আর্থিকভাবে পিছিয়ে আছে। তপশিলি জাতি ও আদিবাসী সমাজ কল্যাণ সমিতির দাবি, করোনা আবহে হকারদের জন্য যেমন ইমার্জেন্সি রিলিফের ব্যবস্থা করা হয়েছিল সেরকম আদিবাসী সম্প্রদায়ের মধ্যে যারা লোকশিল্পী, নৃত্যশিল্পী আছে তাদের জন্যও প্রশাসনকে ইমার্জেন্সি রিলিফের ব্যবস্থা করতে হবে।
এছাড়াও ক্ষৌরকার সম্প্রদায়ের যেসব মানুষ আছেন লকডাউন পরিস্থিতিতে তাদেরও সেলুন বন্ধ ছিল। রুজি রোজগারে পড়েছিল টান। সে ক্ষেত্রে তাদেরকেও যাতে ইমার্জেন্সি রিলিফ দেওয়া হয় তারও দাবি নিয়ে বৃহস্পতিবার নদীয়া জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়।

