পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ আগস্ট: আজ নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা শাখার ডাকে ‘শিক্ষক নিয়োগ দুর্নীতির কান টেনে মাথা ধরো’ এই শ্লোগান তুলে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ অফিস অভিযানের ডাক দেওয়া হয়। পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কয়েক হাজার প্রাথমিক শিক্ষক শহরের বিদ্যাসাগর হল থেকে মিছিল বের করে শহরের রিং রোড পরিক্রমা করে জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ অফিসে এসে শেষ হয়।
মিছিল শেষে একটি পথসভার মাধ্যমে কয়েক দফা দাবি যেমন স্বচ্ছতার সাথে নিয়োগ ও বদলি, প্রতি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ, শিক্ষক শিক্ষিকাদের গ্ৰেড পে-র অধিকার সহ নিজেদের নানা দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে। পরে পর্ষদ চেয়ারম্যানের কাছে দাবিগুলি লিখিত আকারে ডেপুটেশন দেওয়া হয়।

