খড়গপুর মহকুমা শাসককে পরিচারিকাদের ডেপুটেশন

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৫ অক্টোবর: অতিবর্ষণে খড়গপুর শহরের বিভিন্ন ওয়ার্ড ও মহাকুমার গ্রামাঞ্চলে অনেক কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্যান্য ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন এলাকাবাসী। অর্থনৈতিক দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন  পিছিয়ে পড়া মানুষরা। এলাকার পরিচারিকা মা-বোনেরা যারা অন্যের বাড়িতে গৃহস্থালীর কাজ করে সামান্য উপার্জনের মাধ্যমে সংসার প্রতিপালন করেন তাঁরা এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যার মধ্যে পড়েছেন।

এই সব পরিচারিকাদের ক্ষতিপূরণের আর্জি নিয়ে আজ সারা বাংলা পরিচারিকা সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে খড়গপুর মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়। দুই শতাধিক পরিচারিকা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ডেপুটেশনে নেতৃত্ব দেন অপর্ণা প্রামাণিক, কবিতা জানা, বনলতা সাউ, ময়না সিং, অঞ্জলি পন্ডিত, ঊষা নায়েক, প্রমুখ। ডেপুটেশনের আগে পরিচারিকাদের মিছিল খড়গপুর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এসডিও অফিসে শেষ হয়। সেখানে এক জমায়েতে বক্তব্য রাখেন এআইইউটিইউসি’র জেলা কমিটির সদস্য দীনেশ মেইকাপ। মহকুমা শাসকের দপ্তর থেকে দাবিগুলিকে সহানুভূতির সঙ্গে বিবেচনার আশ্বাস দেওয়া হয়।

সারা বাংলা পরিচারিকা সমিতির জেলা সম্পাদিকা জয়শ্রী চক্রবর্তী জানান, দাবিগুলি অবিলম্বে পূরণ না হলে তাঁরা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *