অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১২ আগস্ট: ঝাড়গ্রাম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কার্যালয়ে গিয়ে চেয়ারম্যানের কাছে প্রশিক্ষণপ্রাপ্ত টেট পাশ করা প্রাথমিক শিক্ষক পদের চাকরি প্রার্থীরা প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের দাবিতে বৃহস্পতিবার লিখিতভাবে ডেপুটেশন দেয়।
তাদের দাবি, ২০১৪ সালে টেস্ট পাস করলেও তাদের এখনো নিয়োগ করা হয়নি। ২০২০ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন টেট উত্তীর্ণ প্রশিক্ষণপ্রাপ্তদের ধাপে ধাপে নিয়োগ করা হবে। কিন্তু তাদের এখনো নিয়োগের কোনও ব্যবস্থা করা হয়নি। তাই তারা তাদের বঞ্চনার কথা তুলে ধরে বৃহস্পতিবার গোটা রাজ্যজুড়ে প্রতিটি জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের কাছে তাদের দাবিগুলি পেশ করেন। করোনা পরিস্থিতির জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল বলে প্রাথমিক টেট উত্তীর্ণ বঞ্চিত ডিএলএড ঐক্য মঞ্চের পক্ষ থেকে জানানো হয়।

