জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২১ জুন: খড়্গপুর শহরের ওটি রোড সংস্কারের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করা সহ অন্যান্য দাবিতে মঙ্গলবার খড়্গপুর শহর সিপিআইএমের পক্ষ থেকে খড়্গপুর-মেদিনীপুর ডিভিশনের নির্বাহী বাস্তুকার অতনু মাইতিকে একটি ডেপুটেশন দেওয়া হয়।
রিলায়েন্স পাম্প থেকে ইন্দা মোড় পর্যন্ত রাস্তার মাঝ বরাবর ডিভাইডার নির্মাণ, রাস্তার দু’পাশের ফুটপাত ও ড্রেনের পুনর্নির্মাণ, রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটি ও ট্রান্সফর্মার গুলি উপযুক্ত জায়গায় সরানো, রাস্তার দু’পাশে থাকা ৯২ জন হকার এবং এগারোটি পুরানো বাড়ির পরিবর্তে পরিবারগুলির পুনর্বাসন ও ক্ষতিপূরণের বিষয়টি মানবিক দিক দিয়ে বিবেচনা করা, নয়নজুলি পরিস্কার করে ড্রেনটিকে সম্প্রসারিত করে জলনিকাশির উপযুক্ত ব্যবস্থা গ্রহণ ইত্যাদি দাবি-দাওয়ার ভিত্তিতে ডেপুটেশন হয়।
ডিভাইডারের কাজ দ্রুত শুরু করার বিষয়ে কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন এবং অন্যান্য বিষয় খতিয়ে দেখে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়। এর আগেও সহকারি বাস্তুকারকে ডেপুটেশন দেওয়া হয়েছিল। তারপর স্পিড ব্রেকার ও প্লাস্টিক ডিভাইডার বসানো হয়।প্লাসটিক ডিভাইডারে বিশেষ লাভ হয়নি। পরপর পথ দুর্ঘটনা ঘটেই চলেছে। মেদিনীপুরে নির্বাহী বাস্তুকারের অফিসে এদিনের ডেপুটেশনে সবুজ ঘোড়াই, অসিত সরকার, কামারুজ্জামান, দীপক কুমার সাহু প্রমুখ সিপিআইএম নেতৃত্ব উপস্থিত ছিলেন।

