সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ১৬ ডিসেম্বর: সমস্ত রকম বস্ত্রের উপর জিএসটি বৃদ্ধির সরকারি সিদ্ধান্তে ক্ষুব্ধ বস্ত্র ব্যবসায়ীরা আজ মিছিল করে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এক স্মারকলিপি জেলা শাসকের হাতে তুলে দেন। বাকুঁড়া ক্লথ এন্ড গারমেন্টস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ সকালে রানীগঞ্জ মোড়ে বস্ত্র ব্যবসায়ীরা জমায়েতে হন। সেখান থেকে মিছিল করে জেলাশাসকের দপ্তরের সামনে এসে হাজির হন।অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল স্মারকলিপি অতিরিক্ত জেলা শাসকের হাতে তুলে দেন।
অ্যাসোসিয়েশনের সভাপতি পার্থসারথি সেন ও সম্পাদক রবিশঙ্কর সুরেকা বলেন, এতদিন পর্যন্ত এক হাজার টাকার কম মূল্যের বস্ত্রের উপর ৫% হারে জিএসটি নির্ধারিত ছিল। সম্প্রতি কেন্দ্রীয় সরকার সমম্ত রকমের বস্ত্রের উপর ১২% জিএসটি ধার্য্য করেছেন।আগামী ১লা জানুয়ারি থেকে তা বলবৎ হবে। তিনি বলেন, ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধির বাজারে এমনিতেই সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে তার উপর সমস্ত রকম বস্ত্রের উপর জিএসটি ৫% থেকে বাড়িয়ে ১২% করা হলে সাধারণ মানুষের উপর যেমন চাপ বাড়বে তেমনি আমাদের ব্যবসায় ক্ষতি হবে। সে কারণে অবিলম্বে জিএসটি বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করার অনুরোধ করছি। এছাড়াও বাকুঁড়া শহরে যেমন প্রতি রবিবার সুভাষ রোডজুড়ে বহিরাগত কিছু লোক দোকানের সামনে বাজার বসাচ্ছে, তেমনি উৎসবের মরশুমে বস্ত্রমেলার আয়োজন করছে, এর ফলে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবিলম্বে এই ব্যবস্থা বন্ধ করার জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে।

