সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ১৮ নভেম্বর: ট্রেড রেজিস্ট্রেশন ফি আদায়ের অধিকার হরনের সরকারি নির্দেশ প্রত্যাহার, মাসিক নূন্যতম দশ হাজার টাকা অনুদান সহ কয়েকদফা দাবিতে আজ পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টররা অতিরিক্ত জেলা শাসকের(জেলাপরিষদ) কাছে বিক্ষোভ মিছিল করে ডেপুটেশন দেন। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে জেলার ১৯০টি পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টররা সামিল হন।
পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারি ইউনিয়নের বাকুঁড়া জেলার সম্পাদক বিশ্বজিৎ ঘোষ বলেন, সামান্য ছয়শো টাকা মাসিক অনুদান ও ট্যাক্স আদায়ের উপর শতকরা কুড়ি টাকা কমিশনের ভিত্তিতে রাজ্যের প্রতিটি পঞ্চায়েতে ট্যাক্স কালেক্টররা নিয়োজিত রয়েছেন। বর্তমানে রাজ্য সরকার এক সার্কুলারে ট্রেড রেজিস্ট্রেশন ফি আদায়ের অধিকার কেড়ে নিয়েছেন। এর ফলে কালেক্টরদের উপার্জন হ্রাস পেয়েছে। এর উপর আবার বিভিন্ন ক্ষেত্রে অনলাইনে রেজিস্ট্রেশন ব্যবস্হা চালু হওয়ায় কালেক্টররা বঞ্চিত হচ্ছেন। অবিলম্বে এই ব্যবসথা প্রত্যাহার ও ট্যাক্স কালেক্টরদের মাসিক দশ হাজার টাকা অনুদান, সরকারি কর্মীর স্বীকৃতি, কর্মরত অবস্থায় মৃত ট্যাক্স কালেক্টরের পরিবারের একজনের চাকুরির দাবি জানান তিনি।

বিক্ষোভ মিছিলে হাজির ট্যাক্স কালেক্টররা জানান, আমাদের কাজের কোনও নিরাপত্তা নেই। এমনকি দীর্ঘদিন সরকারি পরিষেবায় যুক্ত থাকলেও অবসরের পর সামান্য পেনশন ও মেলে না। এই বিষয়গুলি সরকারি পর্যায়ে বিবেচিত হওয়ার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করতে হাজির হয়েছি।

